যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) ও ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানরা ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আরো বাড়ানো ও গাজায় বন্দিদের মুক্তি নিয়ে আলোচনা করতে কাতারে মিলিত হয়েছেন। সিআইএয়ের পরিচালিক উইলিয়াম বার্নস এবং মোসাদের প্রধান ডেভিড বার্নেয়া মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আলে সানির সাথে বৈঠক করেছেন। জসিম আলে সানি কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
গাজায় যুদ্ধবিরতি আরো দুই দিন বাড়ছে বলে সোমবার কাতার ঘোষণা দেয়ার পরদিন বৈঠকটি হয়। এ বৈঠকের বিষয়ে জ্ঞাত এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘মানবিক বিরতির চুক্তি বাড়ানো এবং সম্ভাব্য চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আরো আলোচনা শুরু করার প্রক্রিয়া এগিয়ে নিতে বৈঠকটি হয়েছিল।’ বৈঠকে মিসরীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ বৈঠকের ফলাফল সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বিস্তারিত না জানিয়ে শুধু বলেছেন বলেছেন, ‘ইসরাইল-হামাস যুদ্ধ ও বন্দী নিয়ে আলোচনা করতে বার্নস দোহা গেছেন।’ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা কাতারে বসবাস করেন। উপসাগরীয় আরব দেশটি গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি নিয়ে দু’পক্ষের মধ্যে মধ্যস্থতা করছে।