২০২৫ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ বা বিক্রি হবে টিকটক। দেশটিতে পাশ হওয়া এই নতুন আইন বাতিল চেয়ে টিকটকের মামলা খারিজ করে দিয়েছেন ফেডারেল আদালত। চীন সরকারের কারণে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও মার্কিন ব্যবহারকারীদের ডেটা ঝুঁকিতে রয়েছে এমন উদ্বেগের কথা উল্লেখ করে এপ্রিলে এই বিলটিকে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নতুন আইনের আওতায়, ২০২৫ সালের জানুয়াারি থেকে বিভিন্ন অ্যাপ স্টোরে টিকটক নিষিদ্ধ হয়ে যাবে, যদি না এর মালিক কোম্পানি বাইটড্যান্স অ্যাপটির যুক্তরাষ্ট্র অংশের ব্যবসা অন্য কোথাও বিক্রি করে। চীনের কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন শর্ট ভিডিও অ্যাপটির ধারণা ছিল, যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত অন্তত তাদের যুক্তির সঙ্গে একমত হবেন। কারণ টিকটকের মতে, এ আইনটি অসাংবিধানিক। একই সঙ্গে এটি ১৭ কোটি মার্কিন নাগরিকের বাকস্বাধীনতার অধিকারের ওপর বড় আঘাত। তবে যুক্তরাষ্ট্রে পাশ হওয়া নতুন আইনটি বহাল রেখেছে দেশটির ফেডারেল আদালত এবং বলেছে, কংগ্রেস ও পরপর কয়েকজন প্রেসিডেন্টের দীর্ঘমেয়াদি এবং দ্বিপক্ষীয় উদ্যোগের চূড়ান্ত সিদ্ধান্ত এই আইন।