ক্রীড়া ডেস্ক
চীনের ইউ জিদি। বয়স মাত্র ১৩ বছর। এশিয়ান গেমসে অভিষেকেই সোনা জয়ের পাশাপাশি গড়েছেন নতুন গেমস রেকর্ড। গতকাল টোকিওতে নারীদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে দুই মিনিট ৫.০৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন এ কিশোরী।
ইউ জিদির এ সময় আগের এশিয়ান গেমস রেকর্ডের চেয়ে প্রায় আধা সেকেন্ড কম। তিন বছর আগে হাংঝু এশিয়ান গেমসে একই ইভেন্টে দুই মিনিট ৫.৫৭ সেকেন্ড সময় নিয়ে রেকর্ডটি গড়েছিলেন চীনের ঝাং ইউফেই। এবার স্বদেশী সতীর্থের সে রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়লেন ইউ। রুপাজয়ী স্বদেশী চ্যাং মোহানের চেয়ে ৩.৩৬ সেকেন্ড এগিয়ে থেকে প্রতিযোগিতা শেষ করেন। এটি তার ক্যারিয়ারের প্রথম বড় কোনো ব্যক্তিগত স্বর্ণপদক।
মাত্র ১২ বছর বয়সেই বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে পদক জিতে আলোচনায় এসেছিলেন ইউ। ২০২৫ সালের আসরে চীনের ৪*২০০ মিটার ফ্রি-স্টাইল রিলে দলের হয়ে ব্রোঞ্জ জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সাঁতারে সর্বকনিষ্ঠ পদকজয়ী হন। ব্যক্তিগত তিনটি ইভেন্টেও সেবার চতুর্থ হয়ে অল্পের জন্য পদক হাতছাড়া করেছিলেন।
চলতি বছর মার্চে এক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের অলিম্পিক চ্যাম্পিয়ন রেগান স্মিথকে হারিয়েছেন তিনি। ফলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ইউকে ঘিরে ইতোমধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
তবে এত অল্প বয়সে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের পাশাপাশি চাপও সামলাতে হচ্ছে তাকে। আগামী মাসে ১৪ বছরে পা দেবেন ইউ। এত কম বয়সে এশিয়ান গেমসে সোনা ও রেকর্ড তার ক্যারিয়ারের শুরুটাই হয়ে উঠল স্মরণীয়।

