ক্রীড়া প্রতিবেদক
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে। গত শনিবার রাতে ঢাকা ত্যাগ করে জামাল ভূঁইয়ারা রোববার সকালে জাকার্তায় পৌঁছায়। আনুষ্ঠানিকতা শেষ করে ফুটবলারদের হোটেলে উঠতে বেলা ১১টা বেজে যায়। আসিয়ান কাপের স্কোয়াড ২৩ সদস্যের হলেও টমাস ডুলি জাকার্তা গেছেন ২২ জন নিয়ে। ভিসা জটিলতায় দলের সাথে যেতে পারেননি সোহেল রানা জুনিয়র। জটিলতা শেষ করে তাকে জাকার্তাগামী বিমানে উঠিয়ে দেয়ার চেষ্টা করছে বাফুফে।
এ দিকে বাংলাদেশ দলের বড় দুই তারকা হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম এবং প্রথমবারের মতো ডাক পাওয়া ইংল্যান্ড প্রবাসী ফারহান আলি ওয়াহিদ আজ জাকার্তায় দলের সাথে যোগ দেবেন। ওই তিন জন ছাড়াই গতকাল বিকেলে টমাস ডুলি জাকার্তায় প্রথম সেশন অনুশীলন করিয়েছেন। আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। প্রতিপক্ষ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।
২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ শুরু হবে। ১৪টি দেশ দুই বিভাগে ভাগ হয়ে আসিয়ান কাপ খেলবে। ছয় দলের ডিভিশন-২-এর খেলা হবে হংকংয়ে।