ক্রীড়া প্রতিবেদক
টানা দ্বিতীয় দিনের মতো ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুশীলন করলেন হামজা চৌধুরী। এবারের আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার মাঠে অনুষ্ঠিতব্য আসরে সবচেয়ে বড়  তারকা লেস্টার সিটির সাবেক এই ফুটবলার। তাই গতকাল তাকে ঘিরে ধরে ইন্দোনেশিয়ার মিডিয়া কর্মীরা। সেখানে বাংলাদেশ দলের সবচেয়ে বড় এই তারকার ঘোষণা তিনি মুখিয়ে আছেন র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলতে।
এশিয়ান কাপ বাছাই পর্বেই বাংলাদেশ দুই দফা মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুরের। দুই ম্যাচেই হার। লাল-সবুজরা অতীতে বহুবার ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেললেও হামজার খেলা হয়নি এই দুই আসিয়ান অঞ্চলের দেশের বিপক্ষে। এবার আসিয়ান কাপ সেই সুযোগ করে দিচ্ছে বাংলাদেশী মা এবং গ্রানাডার বাবার ঘরে জন্ম হওয়া হামজার। জানান, সত্যি বলতে আমি অপেক্ষায় আছি হাই র‌্যাংকিং দলের বিপক্ষে খেলার। এই আসরের মাধ্যমে এ সব দলের বিপক্ষে আমরা আমাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবো। দলের খেলোয়াড়দের আরো অভিজ্ঞাতা হবে- যা আমাদের আগামীর ম্যাচগুলোতে কাজে দেবে।
এরপর ইন্দোনেশিয়ার দর্শক এবং ফুটবল ক্রেজের প্রশংসা করেন বাংলাদেশ দলের এই মিডফিল্ডার। জানান, এখানকার দর্শকরা বেশি বন্ধুত্বপূর্ব। সবাই ভীষণ ফুটবল পাগল। তাদের কোচও হাই কোয়ালিটির। দলটিতে বেশ কয়েকজন ভালো মানের খেলোয়াড় আছেন।’ এরপর উল্লেখ করেন, সর্বশেষ বিশ্বকাপে ইন্দোনেশিয়া অল্পের জন্য বিশ্বকাপে খেলার সুযোগ মিস করেছে। তবে আশা করছি, আগামী বিশ্বকাপে তাদের সেই সুযোগ হবে। আগামী বছর থেকেই বিশ^কাপ বাছাই পর্ব। অন্য দলগুলোর মতো ইন্দোনেশিয়ারও প্রস্তুতি বিশ্বকাপ বাছাই পর্বে ভালো করা।
আগামীকাল বাংলাদেশ দলের প্রথম আসিয়ান কাপের ম্যাচ। প্রতিপক্ষ মালয়েশিয়া। সর্বশেষ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-৪ গোলে হেরেছিল হাভিয়ার কাবরেরার দল। তবে এবার বাংলাদেশ দল ভালো করতে চায়। হামজা জানান, শুক্রবার আমাদের ম্যাচ। আমরা সেই ম্যাচে ভালো খেলা উপহার দিতে চাই।