ক্রীড়া ডেস্ক
দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর প্রায় ছয় বছর পর তার মৃত্যু নিয়ে চলা মামলায় নতুন এক তত্ত্ব সামনে এসেছে। আদালতের শেষ সাক্ষী হিসেবে সরকারি ফরেনসিক বিশেষজ্ঞ পাবলো ফেরারি বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়েও ম্যারাডোনার মৃত্যু হয়ে থাকতে পারে। তার মতে, মৃত্যুর আগে ম্যারাডোনা কোভিড-১৯-এ আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিতভাবে উড়িয়ে দেয়া সম্ভব নয়।
২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা। এ ঘটনায় বর্তমানে সাতজন চিকিৎসাকর্মীর বিরুদ্ধে বিচার চলছে।
মামলার ৪৩টি শুনানিতে ৭৬ জন সাক্ষ্য দেয়ার পর ৪৪তম শুনানিতে সাক্ষ্য দেন পাবলো ফেরারি। আদালতে তিনি বলেন, করোনাভাইরাস শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটিয়ে অল্প সময়ের মধ্যেই গুরুতর পরিস্থিতি তৈরি করতে পারে, এমনকি কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যুও ঘটতে পারে। তার ভাষায়, ‘আমরা উড়িয়ে দিতে পারি না যে, তিনি কোভিডে মারা গেছেন।’ ময়নাতদন্তের সময় করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা না করাকে তিনি ‘পদ্ধতিগত ভুল’ বলেও উল্লেখ করেন।
এর আগে সরকারি বিশেষজ্ঞরা বলেছিলেন, মৃত্যুর আগে ম্যারাডোনা প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত যন্ত্রণায় থাকতে পারেন। তবে আসামিপক্ষের বিশেষজ্ঞরা আকস্মিক মৃত্যুর তত্ত্বের পক্ষে মত দিয়েছেন। ফেরারিও সরকারি বিশেষজ্ঞদের মধ্যে আকস্মিক মৃত্যুর ব্যাখ্যাকে সমর্থন করা একমাত্র ব্যক্তি।  ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা প্রধান চিকিৎসক লিওপোলদো লুকের জন্য ফেরারির বক্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। লুক-সহ সাত আসামির বিচার চলছে। আগামী মাসের মধ্যেই বিচার শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।