ক্রীড়া প্রতিবেদক
প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে জাপানের কাছে পরাজয়। এতে বাংলাদেশ দলের এশিয়ান গেমস কাবাডিতে পদক পুনরুদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। গতকাল ছিল শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ। সেই খেলাতেও হার। ভারতীয়রা ৪৮-২৫ পয়েন্টে পরাজিত করেছে মিজানুর রহমানদের। এর পরও ক্ষীণ আশা থাকছে পদক জয়ের। কারণ গতকাল অন্য ম্যাচে চাইনিজ তাইপে ৩৪-৩০ পয়েন্টে হারিয়েছে জাপানকে। ফলে বাংলাদেশ ও চাইনিজ তাইপের পয়েন্ট সমান ৪ করে। আজ জাপানের খেলা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আর চাইনিজ তাইপের ম্যাচ ভারতের বিপক্ষে। জাপানের নাগোয়া থেকে বাংলাদেশ দলের হেড কোচ আবদুল জলিল জানান, আজ ভারত যদি ৩০ পয়েন্টের ব্যবধানে চাইনিজ তাইপেকে হারায় তাহলেই ব্রোঞ্জ পদক নিশ্চিত হবে বাংলাদেশের; কারণ তখন স্কোরের ব্যবধানে চাইনিজ তাইপের চেয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। আর ভারত গা ছাড়া ভাব নিয়ে হালকা মেজাজে খেলে অল্প ব্যবধানে জিতে তাইপের বিপক্ষে তাহলে আর লাভ হবে না বাংলাদেশের। বেশি পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে সেমিতে যাবে তাইপে। অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া যদি জাপানকে হারায় তাহলে কোরিয়া ও জাপান উভয় দলই বাদ। আর জাপান জিতলে কোনো পয়েন্টের দেখাই না পাওয়া কোরিয়ার বিপক্ষে সব দলের পয়েন্টের ব্যবধান বাদ যাবে। সেই হিসেবেও জাপানের চেয়ে ১ পয়েন্টে এগিয়ে থাকবে বাংলাদেশ; অর্থাৎ জলিল-বাদশা মিয়াদের দলের সব কিছুই নির্ভর করছে ভারতের পারফরম্যান্সের ওপর।
তবে সেমিফাইনাল নিশ্চিত হওয়া ভারত কি বাংলাদেশের জন্য সিরিয়াস খেলবে। অতীতে বহুবার তারা ইচ্ছে করেই বাংলাদেশকে হতাশ করার কাজ করেছে। উল্লেখ্য, ভারত আগের ম্যাচগুলোতে ৪৯-২৪ পয়েন্টে জাপানকে, ৬৩-৩১ পয়েন্টে দক্ষিণ কোরিয়াকে হারায়।
কাল নারী কাবাডিতে বাংলাদেশ ৪২-২২ পয়েন্টে জাপানকে হারিয়েছে। নারী দল অবশ্য ভারতের কাছে ৪২-২১ পয়েন্টে ও ইরানের কাছে ৫৪-১৯ পয়েন্টে পরাজিত হয়ে পদকের লড়াই থেকে ছিটকে পড়েছে।
কাল বক্সিংয়ে ৬০ কেজিতে সেলিম হোসেন ফেটে যাওয়া মাথা নিয়েও শেষ পর্যন্ত লড়াই করে হেরে গেছেন থাইল্যান্ডের প্রতিযোগীর কাছে। আর সাইক্লিংয়ে জ্বরের কারণে সবুর হোসেন খেলতেই পারেননি। আর শাহাদাৎ হোসেন এক ল্যাপ পরেই রেস ছেড়ে দেন। টিটিতে নওরিন মাহি হেরেছেন থাইল্যান্ড ও মালদ্বীপের প্রতিযোগীর কাছে। সোমন সোমা হেরেছেন ম্যাকাওয়ের প্রতিযোগীর কাছে। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে মুক্তি খাতুন আটজনের মধ্যে অষ্টম হয়েছেন হিটে। সময় নিয়েছেন ১.২১.৮৪ মিনিট। আর বাটারফ্লাইয়ে সামিউল ইসলাম হয়েছেন চতুর্থ। টাইমিং ৫৮.২১ সেকেন্ড।





