ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ফুটবলের অন্যতম প্রাচীন ও তীব্র দ্বৈরথ আবার মাঠে গড়াচ্ছে। উয়েফা নেশন্স লিগে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডস ও জার্মানি। এর মধ্যে আলোচনায় রয়েছে পর্তুগাল-ওয়েলসের লড়াই। একই দিনে মাঠে নামবে নরওয়ে-ডেনমার্ক, সার্বিয়া-গ্রিস, অস্ট্রিয়া-ইসরাইল ও কসোভো-রিপাবলিক অব আয়ারল্যান্ড। পাশাপাশি লিগ ডি-তে মুখোমুখি হবে অ্যান্ডোরা-মাল্টা এবং লিচেস্টেইন-লিথুনিয়া।
২০২৬-২৭ নেশন্স লিগের আসরের গ্রুপ পর্বের নেদারল্যান্ডস ও জার্মানি ম্যাচকে ঘিরে বিশ্ব ফুটবলে কাজ করছে বাড়তি রোমাঞ্চ। কারণ দুই দলেই আজ এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপের হতাশা ভুলে ডাগআউটে নতুন কোচের অধীনে মাঠে নামবে। নেদারল্যান্ডসের ডাগআউটে রোনাল্ড কোম্যানের স্থলাভিষিক্ত হয়েছেন বার্সেলোনার সাবেক মাস্টারমাইন্ড জাভি হার্নান্দেজ। আর জুলিয়ান নাগেলসম্যানের বিদায়ের পর জার্মান ফুটবলের পুনর্জাগরণের দায়িত্ব নিয়েছেন লিভারপুলের কিংবদন্তি কোচ জার্গেইন ক্লপ। দুই হেভিওয়েট কোচের কৌশলগত মগজযুদ্ধ এই ডার্বিকে এক ভিন্ন মাত্রা দিচ্ছে।
ডাচরা তাদের ঘরের মাঠে ২০২৩ সালের পর থেকে অপরাজিত থাকার দুর্দান্ত রেকর্ড ধরে রাখতে মরিয়া। জাভির অধীনে ভার্জিল ফন ডাইক ও কোডি গাকপোরা আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে প্রস্তুত। বিপরীতে, ইনজুরি কাটিয়ে ফেরা মার্ক-আন্দ্রে টের স্টেগেন এবং কাই হাভার্টজদের নিয়ে ক্লপের জার্মানি চাইবে জয় দিয়ে নতুন অধ্যায় শুরু করতে।
গ্রুপ এ৪-তে পর্তুগালের প্রতিপক্ষ ওয়েলস। বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল এবারো শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামছে। ফলে ঘরের মাঠে ওয়েলসের বিপক্ষে তাদের ওপর থাকবে বাড়তি প্রত্যাশা। তবে ওয়েলসও সহজ প্রতিপক্ষ নয়। ম্যাচটিতে পর্তুগালের আক্রমণভাগ বনাম ওয়েলসের রক্ষণভাগের লড়াই বিশেষ আকর্ষণ তৈরি করতে পারে। একই গ্রুপে নরওয়ে ও ডেনমার্কের ম্যাচটিও গুরুত্বপূর্ণ।
লিগ বি-তে অস্ট্রিয়া খেলবে ইসরাইলের বিপক্ষে। গত আসরে লিগ বি-তে অস্ট্রিয়া ১৪ গোল করেছিল, যা ওই পর্যায়ে সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে তাদের অন্যতম করে তুলেছিল। এবারো আক্রমণাত্মক ফুটবল দিয়ে শুরু করার লক্ষ্য থাকবে তাদের। অন্য ম্যাচে কসোভো নিজেদের মাঠে খেলবে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে।
লিগ ডির দু’টি ম্যাচে অ্যান্ডোরা-মাল্টা এবং অপর ম্যাচে মুখোমুখি হবে লিচেস্টেইন-লিথুনিয়া। অ্যান্ডোরা ও মাল্টার সাম্প্রতিক নেশন্স লিগ লড়াইয়ে দুই ম্যাচেই ১-০ ব্যবধানে জয় পেয়েছিল মাল্টা। এবার ঘরের মাঠে সেই হিসাব বদলাতে চাইবে অ্যান্ডোরা। অন্য দিকে লিচেস্টেইনের বিপক্ষে জয়ের মাধ্যমে লিগ সিতে ফেরার অভিযান শুরু করার লক্ষ্য লিথুনিয়ার।





