ক্রীড়া ডেস্ক 
২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের মূল পর্বে জায়গা করে নেয়ার লড়াই শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচডেতেই মাঠে নামছে আফ্রিকার বেশ কয়েকটি পরিচিত দল। দিনের সূচিতে রয়েছে আটটি ম্যাচ। সবচেয়ে আকর্ষণীয় লড়াইটি হতে যাচ্ছে আইভরি কোস্ট ও ঘানার মধ্যে। পাশাপাশি মাঠে নামবে ক্যামেরুন, তিউনিসিয়া, ডিআর কঙ্গো ও আলজেরিয়ার মতো দলগুলো। 
গ্রুপ সি-তে মুখোমুখি হবে দুই সাবেক আফ্রিকান চ্যাম্পিয়ন আইভরি কোস্ট ও ঘানা। বুয়াকেতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। আইভরি কোস্টের ডাগআউটে দ্বিতীয় মেয়াদ শুরু করছেন হার্ভে রেনার্ড। নতুন চক্রের শুরুতেই তিনি দলে রেখেছেন আট নতুন মুখ। অন্য দিকে ঘানার দলে ফিরেছেন মোহাম্মদ কুদুস, যিনি চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ মিস করেছিলেন। ফলে দুই দলের লড়াইয়ে নতুন ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয়ও থাকবে নজরে। 
গ্রুপ জি-তে নামিবিয়া মোকাবেলা করবে কঙ্গোকে। একই গ্রুপে ক্যামেরুনের প্রতিপক্ষ কোমোরোস। বিশ্বকাপের পর নতুন অভিযানে জয় দিয়ে শুরু করতে চাইবে ক্যামেরুন। গ্রুপ ই-তে ডিআর কঙ্গো নিজেদের মাঠে খেলবে ইকুয়েটোরিয়াল গিনির বিপক্ষে। একই গ্রুপে সিয়েরালিওনের মুখোমুখি হবে জিম্বাবুয়ে।
গ্রুপ এফ-এ মৌরিতানিয়া লড়বে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের বিপক্ষে। আর গ্রুপ এইচ-এ লিবিয়ার প্রতিপক্ষ বতসোয়ানা। একই গ্রুপে তিউনিসিয়া নিজেদের মাঠে মুখোমুখি হবে সহ-আয়োজক উগান্ডার। 
২০২৭ সালের আসরটি কেনিয়া, তানজানিয়া ও উগান্ডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। ৪৮টি দল ১২টি গ্রুপে ভাগ হয়ে বাছাইয়ে অংশ নিচ্ছে। ছয় ম্যাচের গ্রুপ পর্ব শেষে অধিকাংশ গ্রুপের শীর্ষ দুই দল মূল পর্বে জায়গা পাবে।