ফুটবলে বড় সব ট্রফিই জিতেছেন লিওনেল মেসি। এবার তার অর্জনের তালিকায় যোগ হতে যাচ্ছে নতুন এক সম্মানÑ ‘ডক্টর’ উপাধি। আর্জেন্টিনার বৃহত্তম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ উচ্চশিা প্রতিষ্ঠান বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তিকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সুপিরিয়র কাউন্সিল। মেসির উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্বের প্রতি তার অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেয়া হচ্ছে। আগামী ৬ অক্টোবর মেসির হাতে তুলে দেয়া হবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। দিনটি তার জন্য আরো বিশেষ হয়ে উঠবে কয়েক ঘণ্টা পরই। ওই দিন আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে তার।