ক্রীড়া প্রতিবেদক
 গ্রুপ পর্বের কোনো ম্যাচেই জেতা হয়নি বাংলাদেশ নারী হকি দলের। চীন, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চাইনিজ তাইপের কাছে হার। মাঝে ৩-৩ গোলে ড্র ছিল কাজাখস্তানের বিপক্ষে। ফলে গ্রুপে  চার হার ও এক ড্রয়ে পঞ্চম হতে হয় অর্পিতা পালদের। যা তাদের নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে বাধ্য করে। কাল সেই স্থাননির্ধারণী ম্যাচেই এশিয়ান গেমস ইতিহাসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ দল। সিঙ্গাপুরকে টাইব্রেকারে ২-১ গোলে হারিয়ে জাহিদ হোসেন রাজুর দল হয়েছে নবম। গেমসে স্বর্ণ জিতেছে ভারত।
সিঙ্গাপুরের বিপক্ষে গতকালের ম্যাচে বাংলাদেশ ১০ মিনিটে আইরিন আক্তার রিয়ার গোলে এগিয়ে যায়। এরপর ৪২ মিনিটে লিমা আক্তার হলুদ কার্ড পেয়ে মাঠের বাইরে গেলে ওই সুযোগে ৪৪ মিনিটে পেনাল্টি থেকে স্কোর ১-১ করে সিঙ্গাপুরের তৌ লি মিন। এই স্কোর লাইনে নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার পর টাইব্রেকারে বাংলাদেশ ২-১ জয় তুলে নেয়।
কাল পুরুষ কুস্তিতে বাংলাদেশের আবদুস সাত্তার প্রথম রাউন্ডে ১০-০ পয়েন্টে হারিয়ে দেন নেপালের রাম কিশোর যাদবকে। এতে বাংলাদেশ ৪৮ বছর পর কুস্তিতে কোনো ম্যাচ জিতল। কুস্তি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক তাবিউর রহমান পাহলোয়ান জানান , ‘১৯৭৮ সালের ব্যাংকক এশিয়ান গেমসে বাংলাদেশের কুস্তিগির ঈসা খান হারিয়েছিলেন সৌদি আরবের কুস্তিগিরকে। এরপর বাদ পড়েন।’ কাল আবদুস সাত্তার সৌদি আরবের প্রতিপক্ষের কাছে ০-১১ পয়েন্টে হেরে ছিটকে পড়েন। জুডোতে অবনিকা হাসান হেরে গেছেন উজবেকিস্তানের কাদিরভার কাছে।