দায়িত্ববোধ যেন তাসকিন-হৃদয়দের নিজের হতে দেয় না। জাতীয় দলের ব্যস্ততা হয়ে দাঁড়ায় বাধা। এমনকি পরিবারের সাথে ঈদটাও করা হয়ে উঠে না। পরিবার ছাড়াই কেটে যায় আনন্দমুখর এই দিন।

তবে এবারের গল্প ভিন্ন। ব্যস্ততা নেই, ছুটি পেয়েছেন সবাই। সবাই আছেন পরিবারের কাছে, প্রিয় মানুষদের সাথে। কেউ হয়তো চেনা শহর ঢাকাতেই আছেন, কেউ ফিরেছেন প্রিয় নীড়ে।

তবে যে যেখানে আছেন, সেখান থেকেই সোমবার (৩১ মার্চ) দর্শক-সমর্থকদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌহার্দ্য বিনিময় করছেন ক্রিকেটার-ফুটবলারসহ ক্রীড়াঙ্গনের তারকারা।

এছাড়া ইউরোপীয় ফুটবল ক্লান ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি ঈদের শুভেচ্ছা জানিয়েছে। এছাড়া ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

নিজের গ্রামের বাড়ি বগুড়াতে ঈদ উদযাপন করছেন তরুণ টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। বাবার সাথে একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে তিনি লিখেছেন, ‘দেশের মাটিতে আছি, গ্রামের ঈদগাহে নামাজ আদায় করলাম, বাবা-মায়ের হাসিমুখ দেখতে পেলাম; এক জীবনে আর কি লাগে! পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ আপনার এবং আপনার পরিবারের ওপর রহমত নাজিল করুক। আল্লাহু আকবার, ঈদ মোবারক।’

বাবা ও সন্তানের সাথে ফেসবুকে ঈদের ছবি আপলোড করে তাসকিন আহমেদ লিখেন, ‘আসসালামুআলাইকুম, সবাইকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক টু এভরিওয়ান।

সম্প্রতি হার্টের চিকিৎসা করে হাসপাতাল থেকে বাসায় ফেরা তামিম ইকবাল ফেসবুকে পোস্টে লিখেন, ‘এই ঈদে আল্লাহ আপনার সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও সুখ বয়ে আনুক। ঈদ মোবারক।’

মেহেদী হাসান মিরাজ লিখেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’

ভিন্নধর্মালম্বী হলেও ঈদের আনন্দ ছুঁয়েছে লিটন দাসকেও। পরিবারের সাথে কাটানো মুহূর্তের ছবির সাথে তিনি লিখেন, ‘আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আশা করি এই উপলক্ষ আমাদের সবাইকে আরো বিনয়ী ও একে অপরের প্রতি সহায়ক হতে সাহায্য করবে। আমরা সবাই মিলে শান্তিপূর্ণ পৃথিবী গড়তে পারি।’

এদিকে ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ খেলে ইংল্যান্ডে ফিরে গেছেন হামজা চৌধুরী। তবে নিজ দেশের সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি। এক ভিডিও বার্তায় বলেন, ‘আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার সাথে দ্রুত আবার দেখা হবে। ’

এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন। ’

অন্যদিকে, ঈদ উৎসবে সামিল হয়েছেন পরতুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, এই বিশেষ সময়টি আপনি ও আপনার পরিবারের জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক।

সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারলেও বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের সেই সুযোগ যে নেই। ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জ্যোতিদের চলছে প্রস্তুতি ক্যাম্প। যদিও আজ বিশ্রাম দেয়া হয়েছে তাদের।