প্রথমবার অংশ নিয়েই বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে বগুড়া সিটি করপোরেশন।

বুধবার (৯ সেপ্টেম্বর) শহীদ চান্দু স্টেডিয়াম-সংলগ্ন ফুটবল মাঠে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকার পর বগুড়া সদর উপজেলাকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বগুড়া সিটি করপোরেশন। ফাইনালের সেরা খেলোয়াড় হন বগুড়া সিটি করপোরেশনের আব্দুল হাকিম।

প্রধান অতিথি হিসেবে ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো: আমিনুল হক।

অনুষ্ঠানে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বগুড়া সিটি করপোরেশন দলকে নগদ তিন লাখ টাকা ও ট্রফি এবং রানার্স-আপ সদর উপজেলা দলকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা ও ট্রফি দেয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেন, ‘খুব শিগগিরই বগুড়ায় ‘আরাফাত রহমান প্যারা স্পোর্টস ভিলেজ’ নির্মাণ করা হবে। দর্শকদের খেলা দেখার সুবিধার্থে এই মাঠের চারপাশে দ্রুত নতুন গ্যালারি নির্মাণ করা হবে।’

প্রতিমন্ত্রী তার বক্তব্যে আরো জানান, সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে তৃণমূল পর্যায়ে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে ইউনিয়ন পর্যায়ে খেলার মাঠ এবং উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। তরুণ প্রজন্মকে ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে দেশের প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে খেলাধুলা ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেন।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো: ইউসুফ আলী, রেজাউল করিম বাদশা এমপি, সুরাইয়া জেরিন এমপি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

এ সময় ক্রীড়া সংগঠক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব খাজা আবু হায়াত হিরুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বগুড়ার ১৩টি উপজেলা ও বগুড়া সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল টুর্নামেন্টে অংশ নেয়। বাসস