বঙ্গবন্ধু টি- টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সোমবার মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
আট ম্যাচের মধ্যে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছিল দুরন্ত চট্টগ্রাম। সেখানে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জেমকন খুলনা। ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুই দলের লড়াইটা বেশ জমবে, তা অনুমেয়।
তবে তারকার দিকে থেকে খুলনা এগিয়ে। এই দলে রয়েছে তিন পাণ্ডব মাশরাফি, সাকিব ও মাহমুদউল্লাহ। ওই হিসেবে চট্টগ্রামে নেই কোনো পাণ্ডব। তবে উদ্বোধনী জুটিতে লিটন ও সৌম্য যা করে দেখাচ্ছেন, তাতে প্রতিপক্ষের বোলারদের শরীর হিম হয়ে যাওয়ার জোগাড়।
লিগ পর্বে আট ম্যাচের সাতটিতে জয়, তারই প্রমাণ রাখে। প্রায় প্রতিটি ম্যাচেই এই দু’জনের ব্যাটেই চট্টগ্রাম পেয়েছে জয়। সাথে ছিল মোস্তাফিজসহ কয়েক বোলারদের দারুণ কারিকুরি। সব মিলিয়ে চট্টগ্রাম শিরোপা জয়ের অন্যতম দাবিদার।
খুলনার বিরুদ্ধে মানসিকভাবেও অনেক এগিয়ে থাকবে চট্টগ্রাম। আর সেটা লিগ পর্বে দুটি জয়ের কারণে। প্রথম সাক্ষাতে এই খুলনাকে রীতিমতো উড়িয়ে দিয়েছিল চট্টগ্রাম। জিতেছিল ৯ উইকেটে। খুলনাকে মাত্র ৮৬ রানে অলআউট করেছিল চট্টলার দলটি।
দ্বিতীয় ম্যাচে অবশ্য খুলনা প্রতিরোধ গড়েছিল। ওই ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫৭ রান করেছিল খুলনা। জবাবে চট্টগ্রাম সাত উইকেট হারিয়ে পৌঁছেছিল জয়ের বন্দরে।
সোমবারের ম্যাচটি খুলনার জন্য যেমন ফাইনালে যাওয়ার লড়াই, তেমনি লিগ পর্বে দুই হারের প্রতিশোধ নেয়ার মিশনও।
সেই কাজটি করতে পারবে খুলনা? খুলনার ওপেনার ইমরুল কায়েস এ ব্যাপারে রোববার মিরপুরে বলেন, ‘মানসিকভাবে সবাই খুব ভালো। কারণ সেমিফাইনাল খেলছি, আমরা দুই নম্বর দল হয়েছি। আমাদের এখানে সুযোগ দুইটা থাকবে। হ্যাঁ গাজী আমাদেরকে দু’বার হারিয়েছে অবশ্যই তারা আমাদের থেকে ভালো ক্রিকেট খেলেছে। আমরা ওই দুই ম্যাচের ভুল ত্রুটি নিয়ে আলোচনা করেছি, কীভাবে তা শুধরানো যায়। ইনশাআল্লাহ আমরা ভালোভাবে কামব্যাক করতে পারব।’
দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে কার্যকরী হলেও ব্যাট হাতে নিষ্ফল। কায়েসের চোখে, ‘সাকিব বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই খেলে থাকেন। তার যে অভিজ্ঞতা এটা এই টুর্নামেন্টে খুব কম খেলোয়াড়েরই আছে। ওই দিক থেকে বলব যে অবশ্যই এগিয়ে আছি আমরা। আমরা হয়তো সঠিকভাবে বুঝে উঠতে পারছি না, পারফরম্যান্সটা সঠিক সময়ে ক্লিক করতে পারছি না। আশাবাদী যে পরবর্তী ম্যাচে ওইটা ওইভাবে ওভারকাম করব।’
তিনি আরো বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী তো প্রথম থেকেই আছে যে আমরা ফাইনাল খেলব বা চ্যাম্পিয়ন হবো।’








