আইপিএলের আগামী মৌসুমের আগে নিলামে নাম লিখিয়েছিলেন ১৩৯০ ক্রিকেটার। কিন্তু নিলামের আগে হাজারের বেশি ক্রিকেটারকে ছাঁটাই করে দিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। নিলামে নামছেন ৩৫০ ক্রিকেটার।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের নিলাম। এবারো ভারতের বাইরে হবে নিলাম অনুষ্ঠান। সৌদি আরবে বসবে আসর। তার আগে ক্রিকেটারদের তালিকা জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এই ৩৫০ ক্রিকেটারের মধ্যে ভারতীয় দলে খেলা ১৬ জন রয়েছেন। বিদেশের বিভিন্ন জাতীয় দলে খেলা ৯৬ জন ক্রিকেটার নামছেন নিলামে। এ ছাড়া ২২৪ জন ঘরোয়া ভারতীয় ক্রিকেটার ও ১৪ জন ঘরোয়া বিদেশী ক্রিকেটারদেরও রাখা হয়েছে নিলামের তালিকায়।

এবারের নিলামে মোট আটটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের ন্যূনতম মূল্য ভাগ করা হয়েছে। সবচেয়ে উপরের ক্যাটেগরিতে থাকা ক্রিকেটারদের ন্যূনতম মূল্য ২ কোটি রুপি। এই ক্যাটাগরিতে ৪০ জন ক্রিকেটার রয়েছেন।

দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছেন ৯ জন ক্রিকেটার। এই ক্যাটাগরির ন্যূনতম মূল্য ১ কোটি ৫০ লাখ। তৃতীয় থেকে অষ্টম ক্যাটাগরি পর্যন্ত ন্যূনতম মূল্য রাখা হয়েছে যথাক্রমে ১ কোটি ২৫ লাখ, ১ কোটি, ৭৫ লাখ, ৫০ লাখ, ৪০ লাখ ও ৩০ লাখ রুপি। তৃতীয় থেকে অষ্টম ক্যাটাগরিতে ক্রিকেটার রয়েছেন যথাক্রমে ৪, ১৭, ৪২, ৪, ৭ ও ২২৭ জন।

নিলামে ১০টি দল সর্বাধিক ৭৭ জন ক্রিকেটার কিনতে পারবেন। তাদের মধ্যে ৩১ জন বিদেশী।

১৬ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে শুরু হবে নিলাম। সবচেয়ে বেশি ৬৪ কোটি ৩০ লাখ টাকা নিয়ে নিলামে নামবে কলকাতা নাইট রাইডার্স।

এবারের নিলামের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের আছেন সাতজন। তারা হলেন- মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও এখনো জাতীয় দলে অভিষেক না হওয়া রাকিবুল হাসান।

প্রাথমিক তালিকায় নাম থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি সাকিব আল হাসানের। প্রাথমিক তালিকায় ১ কোটি রুপি ভিত্তিমূল্যে ছিল তার নাম।