দল বদলেছে, জার্সি বদলেছে, লিগ বদলেছে, মাঠ বদলেছে, বদল এসেছে প্রতিপক্ষ আর খেলার ধরণেও। তবে হেরেই চলেছেন সাকিব আল হাসান। টানা ৪ ম্যাচে হারের মুখ দেখলেন সাকিব।

গ্লোবাল সুপার লিগে টানা তিন হারের পর এবার হার টি-টেন লিগেও। বৃহস্পতিবার রাতে ক্যারিবিয়ান ম্যাক্স সিক্সটি টি-টেন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হেরে গেছে সাকিবের দল মায়ামি ব্লেজ।

গায়ানায় উদ্বোধনী ম্যাচে মায়ামি ব্লেজকে ১০৮ রানের লক্ষ্য দেয় ফ্লোরিডা লায়ন্স। জবাব দিতে নেমে ৯৮ রানে অলআউট হয় মায়ামি। এতে ৯ রানে হারে সাকিবের দল।

গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন সাকিব। ৩৭ বলে অপরাজিত ৫৮ রান করার পাশাপাশি নেন ৪ উইকেট। জয় পায় তার দল দুবাই ক্যাপিটালসও।

তবে এরপরের ৩ ম্যাচে সাকিব পারেননি জ্বলে উঠতে, জিততে পারেনি তার দলও। টানা তিন হারে শিরোপার দৌড় থেকে ছিটকে যায় দুবাই।

জিএসএল শেষ করে বৃহস্পতিবার সাকিব যোগ দেন ক্যারিবিয়ান ম্যাক্স সিক্সটি টি-টেনে। লিগে মায়ামি ব্লেজের অধিনায়কের দায়িত্ব পান তিনি। তবে তার নেতৃত্বের অধ্যায়টা সুখকর হলো না।

যদিও বল হাতে দারুণ করেছেন সাকিব। ২ ওভার বোলিং করে ১৯ রানেই তুলে নেন ২ উইকেট। দুটি ক্যাচ নেয়ার পাশাপাশি একটি রান আউটও করেন তিনি। তবুও ফ্লোরিডা তুলে ফেলে ১০৭ রান।

জবাব দিতে নেমে ওপেনিংয়ে আসেন সাকিব। তবে ১ ছক্কা ও ১ চারে ৮ বলে ১৩ রান করে আউট হয়ে যান তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারে ডেমার জনসনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন।

মায়ামির হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন শিহান জয়াসুরিয়া। এর বাইরে শ্রীভাতোস গোস্বামী করেন ২১ রান। আর কেউই বলার মতো রান করতে পারেননি। তাই জিততেও পারেনি মায়ামি।