রেকর্ড হয়ই ভাঙার জন্য। তা সবারই জানা। তবে কিছু রেকর্ড অক্ষত থাকে যুগের পর যুগ। একটা সময় ভেঙেও যায়। সান্তোসের হয়ে পেলের ৬৪৩ গোলের রেকর্ডটি অনেক দিন অক্ষত ছিল। কিন্তু সেটাও ভেঙে এখন একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা বার্সা অধিনায়ক লিওনেল মেসি।
ব্রাজিল কিংবদন্তী পেলেকে ছাপিয়ে নতুন এই রেকর্ড গড়তে পেরে খুশি মেসি। আর তাই আবেগাপ্লুত হয়ে তিনি বলেছেন, এই রেকর্ডটি যেন অক্ষত থাকে, এটাই তার চাওয়া।
ভায়াডোলিডের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ৩-০ গোলে জিতেছে বার্সা। একটি গোল করে পেলেকে টপকে যান মেসি। আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার সাথে ড্র হওয়া ম্যাচে গোল করে পেলেকে স্পর্শ করেছিলেন তিনি।
দারুণ জয়, সাথে পেলের রেকর্ড ভাঙতে পেরে রোমাঞ্চিত মেসি। নিজের ভেরিফাইড ফেসবুকে মেসি লিখেছেন, ‘যখন আমি ফুটবল খেলা শুরু করেছি তখন আমি কখনো ভাবিনি যে আমি কোনো রেকর্ড ভাঙব। আজ আমি যাকে (রেকর্ড) পেয়েছি তাকে একা থাকতে দাও যা পেলের কাছে ছিল। আমি শুধু ধন্যবাদ জানাতে পারি যারা আমাকে এই বছরগুলোতে সাহায্য করেছেন, আমার সতীর্থ, আমার পরিবার, আমার বন্ধু এবং সবাইকে যারা আমাকে সাহায্য করেছেন প্রতিদিন। আলিঙ্গন!!’
স্বদেশি ক্লাব সান্তোসের হয়ে ১৯ মওসুমে ৬৪৩ গোল করেন পেলে। যা ছিল এতদিন একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। পেলের ওই রেকর্ড মেসি ভাঙলেন ১৭ মওসুমেই, বার্সার জার্সিতে।








