প্রায় ১২ বছর। এক যুগ। ২০০৮ সালের পর এই প্রথম ঘরের মাঠে সিরিআতে হারের মুখ দেখেছে জুভেন্টাস। মঙ্গলবার ফিওরেন্টিনার সাথে ০-৩ গোলে হেরেছে রোনালদোরা।
ম্যাচের শুরুতেই গোল হজম করে বসে জুভেন্টাস। তিন মিনিটে জুভেন্টাসের জাল কাঁপান দুসান ভ্লাহোভিচ। কুনাকুনি শটে পরাস্ত করেন তিনি জুভ গোলরক্ষককে।
আচমকা এক গোলে পিছিয়ে পড়া জুভেন্টাস বড় ধাক্কা খায় আবার ১৮ মিনিটে। জুভেন্টাসের হয়ে ২০০তম ম্যাচ খেলতে নামা জুয়ান কাওদ্রাদো দেখেন লাল কার্ড। ফিওরেন্তিনার ডি-বক্সে গায়েতানো কাস্ত্রোভিলিকে কলম্বিয়ান ফরোয়ার্ড ফাউল করলে শুরুতে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর দেখে লাল কার্ড দেখান তিনি। ১০ জনের দলে পরিণত হয় জুভেন্টাস।
চলতি আসরে পঞ্চম এই লাল কার্ডের পর যেন খেই হারিয়ে ফেলে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। একজন বেশি থাকার সুবিধা নিয়ে তাদের চেপে ধরে ফিওরেন্তিনা।
প্রথমার্ধে গোল হয়নি। নিজের ছায়া হয়ে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৫৬ মিনিটে চমৎকার হেডে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পাননি রোনালদো।
৭৬ মিনিটে মরার উপর খাড়ার ঘা যেন জুভেন্টাসের। আলেক্স সান্দ্রোর আত্মঘাতী গোল। সোফিয়ান আমরাবাতের ক্রস ক্লিয়ার করতে পারেননি বোনুচ্চি। তার পাশেই থাকা সান্দ্রোর পায়ে লেগে বল জড়ায় জালে। ফিওরেন্টিনা লিড নেয় ২-০ গোলে। ৮১ মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন মার্টিন কাসেরেস।
১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চারে আছে জুভেন্টাস। ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে উঠে এসেছে ফিওরেন্টিনা। ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান।








