বন্ধু-বান্ধুব, হৈ হুল্লোড়। সবই যেন নেইমারের সমার্থক। একটু ফুরসত পেলেই ডিসকো, পার্টিতে ডুবে যান ব্রাজিলিয়ান এই সুপারস্টার ফুটবলার। তাই বলে করোনার মধ্যেও ব্যাপক জনসমাগমে হবে পার্টি? ভাবতেই পারছেন না অনেকে।
কিন্তু আমুদে নেইমার তা করে ছেড়েছেন। চোটের কারণে পিএসজির দলের বাইরে তিনি। বড় দিনের ছুটিতে সময় কাটাচ্ছেন ব্রাজিলে। এর মধ্যে বড় দিন উপলক্ষ্যে জম্পেশ পার্টি দিয়েছিলেন নেইমার। যেখানে অতিথির সংখ্যা ছিল ৫০০ জন। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর মাঙ্গারাদিবা এলাকার এক ম্যানশনে আয়োজন করা হয়েছিল পার্টির।
করোনাভাইরাসে ইতোমধ্যে ব্রাজিলেই মারা গেছেন প্রায় দুই লাখ মানুষ। খুব বাজে অবস্থা দেশটিতে। আর সেখানেই কি না নেইমার করলেন এমন পার্টি? সমালোচনা হচ্ছে প্রচুর। নেইমারকে ঘিরে ট্রল করতেও ছাড়ছে না অনেকে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক জানিয়েছে, এই পার্টির খবর যাতে কেউ না জানতে পারে সে জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলেন নেইমার। আগত ৫০০ জন অতিথিকে আগে থেকেই বলা হয়েছিল, যেন মোবাইল বা অন্য কোনো ডিভাইস কেউ না নিয়ে আসে। পাছে পার্টির তথ্য বাইরে পাচার হয়ে যায়!
গোপনীয় এই পার্টিতে নেইমার আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছিলেন, যাতে ডিসকোর শব্দ বাইরে থেকে কেউ না শুনতে পায়।
ভেতরে কারা কারা ছিলেন, এসব বিষয়ে তাই বিস্তারিত জানা যায়নি। কিন্তু পার্টির খবর আর আড়াল থাকেনি।








