সড়ক দুর্ঘটনায় এক ভাই মারা যান বছর দু’য়েক আগে। তাকে স্মরণ করতে একটি ফুটবল ম্যাচের আয়োজন করেছিল তারই ভাই জিওসেপ পেরিনো। তিনি পেশাদার ফুটবলার। কিন্তু ভাইয়ের স্মরণে সেই ফুটবল ম্যাচ খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ভাই। হৃদয়বিদারক এমন ঘটনা ঘটেছে ইতালিতে। খবর স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার।

ইতালির নেপলসের কাছে পোগিওমারিনো ক্লাবে খেলতেন ২৯ বছর বয়সী জিওসেপ। ম্যাচ শুরুর পর হঠাৎ মাঠে শুয়ে পড়েন তিনি। অবস্থা খারাপ হলে নেয়া হয় হাসপাতালে। বেশি সময় দেননি তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে চলে যান জিওসেপ।

জিওসেপের ভাই ২০১৮ সালের জুনে বাইক দুর্ঘটনায় মারা যান। তাকে স্মরণ করতেই আয়োজন করা হয়েছিল এই ফুটবল ম্যাচ। কিন্তু এই ম্যাচেই ভাইয়ের কাছে চলে গেল আরেক ভাই।

ইতালিতে শোকের আবহ এমন ঘটনায়। জিওসেপের সাবেক ক্লাব পার্মা শোক জানিয়েছে তার মৃত্যুতে।

গত জানুয়ারিতে পর্তুগালে এমন ঘটনা ঘটেছিল। ফুটবল ম্যাচে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যু হয় আলেক্স অ্যাপোলিনারিও নামের এক ফুটবলারের।