বেতনের ৫০ শতাংশ ছাড় দিয়ে আরো পাঁচ বছর নিজের আশৈশব ক্লাব বার্সেলোনায় থাকতে চেয়ে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কিন্তু কিছু জটিলতার কারণে দীর্ঘদিনের ক্লাবের সাথে চুক্তি নবায়ন করতে পারলেন না রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাতে কাতালান ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দেয়া হল, বার্সাতে থাকছেন না মেসি। এদিন দুই পক্ষের সেই চুক্তিতে সই করার কথা ছিল।
চুক্তির টেবিলেই বাঁধে বিপত্তি। স্প্যানিশ লিগ তথা লা লিগার নিয়ম অনুযায়ী আর্থিক বাধ্যবাধকতায় তৈরি হয় জটিলতা। যারপরই কার্যত একশো আশি ডিগ্রি ঘুরে উল্টোপথ ধরতে বাধ্য হন সদ্য আর্জেন্টিনার জার্সিতে কোপা আমেরিকা জিতে আন্তর্জাতিক ট্রফিখরা কাটানো মেসি। বার্সেলোনার পক্ষ থেকে সরকারিভাবে দেয়া বার্তাতে জানানো হয়েছে, ‘লিওনেল মেসি আর বার্সেলোনা ক্লাবে থাকছেন না। শেষপর্যন্ত ক্লাব ও মেসির ইচ্ছামতো চুক্তি সই না হওয়াতে দুই পক্ষই প্রবলভাবে ব্যথিত। ক্লাবের জন্য লিওনেল মেসি যা করেছে তা বার্সেলোনার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। মেসির ব্যক্তিগত ও পেশাদারি ভবিষ্যত জীবনের জন্য ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা।’
গত কয়েকবছর ধরেই বার্সেলোনার ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে দলগঠন থেকে দল পরিচালনা বিভিন্ন ইস্যুতে বারবার লিওনেল মেসির সংঘাত চলে এসেছিল প্রকাশ্যে। যে জন্য ছোটবেলার ক্লাবে নতুন করে দীর্ঘমেয়াদি চুক্তি করছিলেন না মেসি। চলতি বছরের জুনে মেসির বার্সার সাথে চুক্তি শেষ হয়েছে। যার পরই ফ্রি-এজেন্ট মেসিকে ঘিরে জল্পনায় মশগুল ছিল ফুটবলবিশ্ব। যদিও বার্সেলোনা সমর্থকদের সব শঙ্কা কাটানোর বার্তা দিয়ে পাঁচ বছর আরো বার্সায় খেলার বার্তা দিয়েই কোপা খেলতে গিয়েছিলেন মেসি। কিন্তু ফিরে এসে চুক্তির মাঝে বাঁধল বিপত্তি। স্প্যানিশ মিডিয়ার খবর, একেই বর্তমান বার্সা দল নিয়ে খুব একটা খুশি ছিলেন না মেসি। তার ওপর স্প্যানিশ লিগের নতুন আর্থিক বাধ্যবাধকতার জেরে আলোচনা কার্যত ‘পয়েন্ট অফ নো রির্টানে পৌঁছে যায়’। এমনিতেই আগে কঠিন স্প্যানিশ করনীতির প্যাঁচে পড়ে করফাঁকির ইস্যু নিয়ে ভুগতে হয়েছে মেসিকে। তাই সেই বিড়ম্বনার বহর আর হয়তো ক্লাবের ভালোবাসার টানে টেনে নিয়ে যেতে চাইলেন না ফুটবলের রাজপুত্র।
২০০৪ সালের ১৬ অক্টোবর বার্সায় আনুষ্ঠানিকভাবে অভিষেক হয় মেসির। বিগত ১৭ মৌসুমে বার্সেলোনার হয়ে ৩৫টি খেতাব জিতেছেন মেসি । তিনি চারবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ব্যাপারে বার্সাকে অনেকটাই সাহায্য করেছেন। এছাড়া ক্লাবের হয়ে খেলে ১০বার স্প্যানিশ লিগ জয়, সাতবার কোপা ডেল রে এবং আটবার স্প্যানিশ সুপার কাপ জেতার কৃতিত্ব রয়েছে মেসির ।
গত ৩০ জুন বার্সার সাথে চুক্তি শেষ হয়ে যাওয়ায় মেসির। এরপর থেকে আর কাগজে-কলমে বার্সার খেলোয়াড় ছিলেন না তিনি। কোনো ক্লাবের সাথেই এখন নেই তিনি। এর মধ্যে তার বার্সায় থাকা না থাকা নিয়ে গুঞ্জনের শেষ টেনে দিয়েছিল অর্ধেক বেতনে চুক্তি নবায়নের নতুন খবর। চুক্তি নবায়নের খবরটাও প্রায় একই সুরে দিয়েছিল স্পেন-ইউরোপের সব পত্রিকা।
আর্থিকভাবে চরম দুর্দশাগ্রস্ত বার্সার জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না। সেটি দুদিক থেকে। এক, তর্কসাপেক্ষে বিশ্বের সেরা খেলোয়াড়কে আগের চেয়ে অর্ধেক বেতনে পাওয়ার সুযোগ ছিল বার্সার, যেটা ক্লাবের বেতনের বিলের বোঝা কমাবে। দুই, মেসি থাকা মানে স্পনসরশিপ থেকে বেশি অর্থের আগমন। কিন্তু নতুন খবরে বার্সার আর্থিক দুরবস্থাই মেসির বার্সার জার্সিতে খেলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখন কোথায় হবে মেসির নতুন ঠিকানা সেটাই দেখার অপেক্ষা।








