সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। লিওনেল মেসি যাচ্ছেন পিএসজিতে। আর কয়েক ঘণ্টা পর প্যারিসে দেখা যাবে বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারকে। মেসিকে নিয়ে তাই আলোচনার শেষ নেই। দুই বছরের চুক্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এমন খবরই দিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম।
পিএসজির জার্সিতে আগামী মৌসুমেই দেখা যাবে মেসিকে। কিন্তু প্রশ্ন জাগছে সবার মনে, মেসির জার্সির নাম্বার কত হবে। বার্সেলোনায় যা পড়তেন, সেই ১০ নম্বর জার্সিই পাবেন মেসি? নাকি ভিন্ন নম্বর?
মেসির জন্য নিজের ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে প্রস্তুত নেইমার। যদিও ২০১৭ সাল থেকে এই জার্সি পরে পিএসজিতে খেলে আসছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। কয়েক দিন আগে জানা গিয়েছিল, ১০ নয়, ১৯ নম্বর জার্সি পরে পিএসজিতে খেলবেন মেসি, যে জার্সিতে এখন সেখানে খেলেন স্প্যানিশ উইঙ্গার পাবলো সারাবিয়া।
তবে এখন স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানাচ্ছে, মেসিকে ৩০ নম্বর জার্সি পরার প্রস্তাব দিয়েছে পিএসজি। যে নম্বর পরে বার্সেলোনায় মেসি তার ক্যারিয়ার শুরু করেছিলেন। ফ্রাঙ্ক রাইকার্ডের অধীনে ৩০ নম্বর জার্সি পরেই বার্সার হয়ে খেলতেন মেসি। তখন ১০ নম্বর জার্সি পরতেন ব্রাজিলিয়ান রোনালদিনহো।
৩০ নম্বর জার্সি পেলে ফরাসি লিগের নিয়ম ভাঙা হবে। আর সেটা করতেও নাকি পিছপা হবে না পিএসজি। সেখানকার লিগে জার্সিবিষয়ক নিয়মে স্পষ্ট বলে দেয়া আছে, স্কোয়াডের তিন গোলকিপার পরবেন ১, ১৬ ও ৩০ নম্বর জার্সি। এই তিন নম্বর ছাড়া ফরাসি লিগে খেলা কোনো গোলকিপার অন্য কোনো নম্বর পরতে পারবেন না। মেসিকে ৩০ নম্বর জার্সি দেয়া হলে লিগের এ নিয়ম ভাঙবে পিএসজি। মেসি বলে কথা।








