নতুন চুক্তির জন্য প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) দেয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপে। স্থানীয় গণমাধ্যমের রিপোর্টে একথা বলা হয়েছে। পার্ক ডি প্রিন্সেসের সাথে ফরাসি এই আন্তর্জাতিক তারকার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র ১০ মাস অবশিষ্ট আছে।
এমবাপেকে নতুন চুক্তির আওতায় আনতে মরিয়া পিএসজি। ক্লাবটির বিশ্বাস ছিল লিওনেল মেসিকে চুক্তিভুক্ত করার ফলে এমবাপেকে দলভুক্তর করার সুযোগ আরো বেড়ে যাবে। যদিও এমবাপের রিয়াল মাদ্রিদে যোগদানের সম্ভাবনা বেশ জোরেসোরেই শোনা যাচ্ছে। তার বিষয়ে আগ্রহ রয়েছে প্রিমিয়ার লিগ জায়ান্ট লিভারপুলেরও। সবগুলো সুযোগই উন্মুক্ত রাখতে চান ২২ বছর বয়সী ফরাসি তারকা।
মার্কার রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপ জয়ী তারকা পিএসজিকে বলেছেন তিনি চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নন। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির কাছে বৈঠকে তিনি নিজের অবস্থান পুনরাবৃত্তি করতেও প্রস্তুত।
নেইমারের সমান বেতনে ছয় বছরের জন্য এমবাপেকে চুক্তির প্রস্তাব দিয়েছিল পিএসজি। তবে মোনাকো থেকে যোগ দেয়া এই তারকা জানিয়ে দিয়েছেন যে তিনি ক্লাব ছেড়ে দিতে চান। শুধু তাই নয় এই মাসে দলবদলের জানালা বন্ধ হবার আগেই সন্তুষ্টচিত্তে ক্লাব ত্যাগের কথা জানিয়েছেন এই ফরোয়ার্ড।
পিএসজিকে তিনি এই বলেও সতর্ক করে দিয়েছেন যে তাকে যদি আগামী ১ সেপ্টেম্বরও পাক ডি প্রিন্সেসে থাকতে হয়, তাহলে কোনো ছাড়ই পাবে না প্যারিস জায়ান্টরা।
সূত্র : বাসস








