বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা বলেছেন, তারা এই গ্রীষ্মে নেইমারকে দলে ভেড়াতে চেয়েছিলেন, কারণ ব্রাজিলিয়ান সুপার স্টার কাতালান ক্লাবে ফিরতে মরিয়া হয়ে উঠেছিলেন।
বার্সা প্রধান বলেন, প্রত্যাবর্তনের জন্য নেইমার বার্সাকে নিজে থেকেই প্রস্তাব করেছিলেন। তবে ওই সময় লা লিগা ফেয়ার প্লে নিয়মে ক্লাবের দলবদল স্থগিত হয়ে যায়। শেষ পর্যন্ত প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সাথে নতুন চুক্তিতে আবদ্ধ হন নেইমার। আর আর্জেন্টাইন তারকা মেসিকে বার্সেলোনা নতুন চুক্তিতে আবদ্ধ করতে ব্যর্থ হলে প্যারিসে ফের নেইমারের সাথে মোলাকাত হয় তার।
সোমবার টিভি থ্রিকে লাপোর্তা বলেন, ‘আমরা নেইমারকে চুক্তিবদ্ধ করতে চেয়েছিলাম। মার্চে নির্বাচিত হওয়ার পর আমারও মনে হয়েছিল সেটি হবে দারুণ ব্যাপার। তার সাথে যখন যোগাযোগ হয় তখন এখানে ফেরার তীব্র ইচ্ছার কথা জানান তিনি। কিন্তু এতে বাঁধ হয়ে দাঁড়ায় লা লিগার ফেয়ার প্লে আইন। আমরা যদি ওই নিয়মের সবকিছু ভালোভাবে বুঝতে পারতাম, তাহলে হয়তো তাকে প্রস্তাব দিতাম না।’
চলতি বছরের শুরুতে জোসেপ মারিয়া বার্তোমেউ’র স্থলাভিষিক্ত হওয়ার পর লাপোর্তা ক্লাবটির আর্থিক সঙ্কটের বিষয়ে ইঙ্গিতও দিয়েছিলেন। তার ভাষ্যমতে ক্লাবটির দেনা ১ দশমিক ৩৫ বিলিয়নে দাঁড়িয়েছে। এই গ্রীষ্মে বেতন বাবদ তাদেরেক ১১০ শতাংশ রাজস্ব ব্যয় করতে হয়েছে। মেসি ও আঁতোয়ান গ্রিজম্যানের বিদায়ের পর সেটি ৮০ শতাংশে দাঁড়িয়েছে। তবে লা লিগার আইন অনুযায়ী সেটি ৭০ শতাংশে নামিয়ে আনার বিধান রয়েছে।
তবে ফ্রান্সে পিএসজিকে এ ধরনের কোনো আইনের সম্মুখীন হতে হচ্ছে না। ইতোমধ্যে নেইমার ও কিলিয়ান এমবাপেকে বিপুর অর্থে দলভুক্ত করা ক্লাবটি মেসিকেও তাদের দলে ভিড়িয়ে নিয়েছে। একই সাথে এই মৌসুমে জিয়ানলুইজি ডোনারুমা, সার্জিও রামোস, আচরাফ হাকিমি ও জিওর্জিনিও উইজনালডামকেও চুক্তিবদ্ধ করেছে ফরাসি জায়ান্টরা।
লাপোর্তার মতে, ফেয়ার প্লে আইনের সব নিয়মই ভেঙে ফেলেছে পিএসজি।








