আগামী বছর কাতারে বসবে বিশ্বকাপ ফুটবলের জমাট আসর। আসর মাতাতে প্রস্তুত ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসিসহ তারকা সব ফুটবলাররা। এই বিশ্বকাপ শেষ বিশ্বকাপ হতে পারে মেসি ও রোনালদোর জন্য। কারণ রোনালদোর বয়স এখন ৩৬, মেসির ৩৪।

কিন্তু এই বিশ্বকাপ নিজের শেষ বিশ্বকাপ ভাবতে শুরু করেছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। অথচ তার বয়স চলে এখন মাত্র ২৯। চাইলে আরো দুটি বিশ্বকাপ তিনি অনায়াসে খেলতে পারেন। কিন্তু নেইমার মনে করেন, খেলা চালিয়ে নেয়ার মতো মানসিক শক্তি কতুটুকু অবশিষ্ট আছে, সেটা তিনি নিজেই জানেন না।

ডিএজেডএন.ডটকমকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেছেন, ‘আমার মনে হয়, এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি এটাকে আমার শেষ হিসেবে দেখছি কারণ, আমি জানি না ফুটবল খেলা চালিয়ে যাওয়ার জন্য আমার কতোটুকু মানসিক শক্তি আছে।'

শেষ বিশ্বকাপ বলেই ভালো করতে মুখিয়ে তিনি। তার মতে, ‘ভালো করার জন্য আমি সব করব। দেশের হয়ে বিশ্বকাপ জেতার জন্য আমার পক্ষে যা যা করা সম্ভব, সব করব। ছোট বেলা থেকেই বুঝতে পেরেছি যে আমার সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ জেতা এবং আমি আশা করি এটার সামর্থ্য আমার আছে।’