বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ খেলায় উরুগুয়েকে হারাতে অনেকটা ঘাম ঝরাতে হয়েছে আর্জেন্টিনাকে। জয়ের নায়ক অ্যাঞ্জেল ডি মারিয়া। তার করা একমাত্র গোলে ১-০ গোল ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। ফলে কাতার বিশ্বকাপের পথে আরো একধাপ এগিয়ে গেল লিওনেল স্কালোনির শিষ্যরা।

এদিকে চোট পাওয়ার কারণে ম্যাচে বদলি হিসেবে লিওনেল মেসির উপস্থিতি ছিল মাত্র ১৫ মিনিট। এর আগেই অবশ্য জয়সূচক গোলটি করেছেন ডি মারিয়া। প্রথমার্ধেই ম্যাচের একমাত্র গোলটি করেন তিনি।

টানা দুই ম্যাচ হেরে ঘরের মাঠে খেলতে নেমেছিল উরুগুয়ে। তাদের আক্রমণের কাছে পাত্তা পাচ্ছিলো না আর্জেন্টিনা। তবে সপ্তম মিনিটে জুভেন্টাস ফরোয়ার্ড পাওলো দিবালার পাস থেকে গোল করেন ডি মারিয়া।

প্রথমার্ধে এটাই অবশ্য আর্জেন্টিনার একমাত্র উল্লেখযোগ্য আক্রমণ। প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে আর কোনো শট নিতে পারেনি তারা। লুইস সুয়ারেজ-এদিনসন কাভানিদের উরুগুয়েই প্রাধান্য বিস্তার করেছে। উপায় না দেখে শেষ ১৫ মিনিট মেসিকে নামিয়েছেন স্কালোনি। তবে গোলের দেখা পায়নি আর্জেন্টিনা।

একবার গোলের সুযোগ সৃষ্টি করেছিলেন মেসি। কিন্তু সেটি পোস্টের অনেক বাইরে দিয়ে যায়। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে এমিলিয়ানো মার্তিনেজের ভুলে একটুর জন্য গোল খেতেও বসেছিল আর্জেন্টিনা। ভাগ্য ভালো বলেই বেঁচে গেছে তারা।

এই জয়ের ফলে ২৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। আর ব্রাজিল গতকালই বিশ্বকাপে জায়গা পাকা করে ফেলেছে।