ইরানি নারী ফুটবল দলের গোলকিপার ছেলে না মেয়ে, তা নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে অভিযোগ করেছে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশন (জেএফএ)। এদিকে ইরানের পক্ষ থেকে গোলকিপারের নারীত্ব নিয়ে এমন উদ্ভট অভিযোগ উড়িয়ে দেয়া হয়েছে।
২০২২ সালের এশিয়ান কাপ বাছাইপর্বে গত ২৫ সেপ্টেম্বর ইরানের নারী ফুটবল দলের মুখোমুখি হয়েছিল জর্ডানের নারী দল। নির্ধারিত সময়ে দু’দল গোলশূন্য ড্রয়ের পর খেলা গড়ায় টাইব্রেকারে। পরে ৪-২ গোলের জয়ে ইরান প্রথমবারের মতো নাম লেখায় নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। টাইব্রেকারে জর্ডানের দুটি শট রুখে দেন ইরানের গোলকিপার জোহরে কুদাইয়ি।
এ বিষয়ে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলি বিন আল-হুসেইন রোববার এক চিঠি টুইট করেন। ওই চিঠিতে তিনি জোহরে কুদাইয়ির ‘নারীত্ব পরীক্ষা’র অনুরোধ করেন। এছাড়া তিনি এএফসিকে ‘সজাগ হওয়ার’ আহ্বানও জানান।
সংবাদমাধ্যম জানিয়েছে, জোহরে কুদাইয়ি পুরুষ হয়ে নারীর ছদ্মবেশে খেলেছেন বলে মনে করছে জেএফএ।
এদিকে ইরান নারী দলের নির্বাচক মরিয়ম ইরানদুশত অভিযোগটি উড়িয়ে দিয়েছেন, জাতীয় দলের সব খেলোয়াড়কে খুব ভালোভাবে পরীক্ষা করেছে মেডিকেল দল। এমন সমস্যা এড়াতে হরমোন পরীক্ষাও করা হয়েছে। তাই সমর্থকদের বলছি, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
ইরানের খেলাধুলাবিষয়ক সংবাদ মাধ্যম ‘ভারজেসথ্রি’-তে এ কথা বলেন ইরানদুশত। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এ বিষয়ে কাগজপত্র চাইলে খুব অল্প সময়ের মধ্যেই তা সরবরাহ করা হবে বলে মন্তব্য করেন তিনি।
সূত্র : এএফপি








