করোনাভাইরাস মহামারিতে জাতীয় পরিচয়পত্রের নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। আর এই নাগরিক সেবা অব্যাহত রাখতে অনলাইন সেবা কার্যক্রম চালু করেছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগ।
আগামী ২৮ এপ্রিল থেকে দেশের যেকোনো স্থান থেকে নাগরিকরা ১০৫ নম্বরে এসএমএস করে ও অনলাইনের মাধ্যমে ইসির এই সেবা গ্রহণ করতে পারবে। এনআইডি https.//services.nidw.gov.bd সার্ভারে ঢুকে সেবা নিতে পারবেন বলে জানান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর ইসলাম।
সোমবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এক অনলাইন সংবাদ সম্মেলনে এই সেবা চালু করার ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংকটময় করোনা পরিস্থিতে দেশের নাগরিকরা যাতে এনআইডি সেবা থেকে বঞ্চিত না হন সেজন্য আমরা এসএসএস, অনলাইন ও অন্যান্য সেবা চালু করেছি। এই সেবার মাধ্যমে নতুন ভোটার হওয়া ৬৭ লাখ নাগরিক এনআইডি সংক্রান্ত তথ্য জানতে হলে মোবাইল মেসেজ অপশনে গিয়ে ‘ঘওউ স্পেস ফরম নাম্বার স্পেস জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে প্রেরণ করতে হবে।’ ফিরতি এসএমএসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নম্বর জানিয়ে দেয়া হবে।
তিনি বলেন, অনলাইন সেবার মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ (যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু এনআইডি কার্ড পানিনি)। জাতীয় পবিচয়পত্রের নম্বর সংগ্রহ, জাতীয় পরিচয়পত্র সংশোধন ও তথ্য হালনাগাদকরণ, হারানো জাতীয় পরিচয়পত্র উত্তোলন আবেদন ও নতুন ভোটার হওয়ার জন্য নিবন্ধন আবেদন করতে পারবেন।








