চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে গোসল করতে নেমে মিরাজুল ইসলাম (২২) নামে নিখোঁজের ৩৮ ঘণ্টা পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর নৌকা ঘাট সংলগ্ন যমুনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মিরাজুল উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মরহুম আনোয়ার হোসেনের ছেলে।

মিরাজুলের কাকা বাবু মিয়া জানান, গত রোববার বিকেলের দিকে চরসলিমাবাদ (ভূতের মোড়) এলাকা সংলগ্ন যমুনা নদীতে বোনদের সাথে গোসলে নামে। তবে সবার অগোচরে নদীর স্রোতের সাথে মিরাজুল ভেসে যায়। পরে জাল ও নৌকা দিয়ে অনেক খুঁজাখুঁজি করে না পেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। গেল সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে উদ্ধার করতে না পেরে ফিরে যান।

তিনি বলেন, আজ সকালে কয়েকজন জেলে নদীতে লাশ ভাসতে দেখে আমাদের খবর দিলে আমরা নৌকা নিয়ে নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর নৌকা ঘাট থেকে লাশ নিয়ে আসি।