মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে দু’টি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এর আগে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের একটি দোকানের পেছনের বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় এয়ারগান দু’টি উদ্ধার করা হয়।

শুক্রবার এসআরবি-৯ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসআরবি-৯-এর একটি দল পূর্ব জালালপুর গ্রামের একটি দোকানের পেছনের বাঁশঝাড়ে তল্লাশি চালায়। এ সময় সাদা প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় দু’টি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসআরবি-৯-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, এয়ারগান দু’টির সাথে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উদ্ধার করা এয়ারগান দু’টি জিডিমূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।