কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজার থেকে নৌকাযোগে বাড়ি ফেরার পথে ধনু নদীতে পড়ে রেজওয়ান আহমেদ শুভ (২৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা নদীতে খোঁজাখুঁজি করলেও রাত পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ রেজওয়ান আহমেদ শুভ সুতারপাড়া ইউনিয়নের সাগুলী গ্রামের মো: শহিদুল ইসলামের ছেলে। নিয়ামতপুর বাজারে তার বাবার একটি টেইলার্সের দোকান রয়েছে। প্রতিদিন বাড়ি থেকে বাবা ও দোকানের কর্মচারীদের জন্য খাবার নিয়ে আসতেন শুভ।

পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, শুক্রবার বাড়ি থেকে খাবার নিয়ে শুভ নিয়ামতপুর বাজারে যান। বিকেলে খাবার দিয়ে নৌকায় করে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। বাবা শহিদুল ইসলাম তাকে চামরা খাটে বাড়ির উদ্দেশে যাওয়ার নৌকায় তুলে দেন। নৌকা চামড়া ঘাট থেকে কিছুদূর যাওয়ার পরেই ঢেউয়ের ঝাঁকুনিতে ধনু নদীতে পড়ে যান শুভ। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুভ জন্ম থেকেই মানসিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন। তিনি সাঁতার জানতেন না। প্রায় দেড় মাস আগে তার বিয়ে হয়।

শুভর মামা নিয়ামতপুর মুড়িকান্দি গ্রামের মাহবুব হোসেন শাহ বলেন, ‘শুভকে উদ্ধারের জন্য স্থানীয় লোকজন নদীতে খোঁজ করছেন।’

রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।