কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম তার নির্বাচনী এলাকায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সফরকালে তিনি উন্নয়নকাজের উদ্বোধন, ক্রীড়াসামগ্রী বিতরণ, নদীভাঙন এলাকা পরিদর্শন এবং বিদ্যুৎ দুর্ঘটনায় নিহত কর্মীর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী সফরের শুরুতে সকাল সাড়ে ৯টায় ভৈরব কমলপুরস্থ তার নিজ বাংলোতে একটি স্থানীয় ফুটবল অ্যাকাডেমিকে ক্রীড়া ও প্রশিক্ষণসামগ্রী প্রদান করেন প্রতিমন্ত্রী।

পরবর্তীতে সকাল ১০টায় ভৈরব বাজারের চান্দানী টিলায় স্থানীয় সরকার বিভাগের ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় নিম্ন-আয় এলাকার উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে সকাল সাড়ে ১০টার দিকে ভৈরবের নদীভাঙন কবলিত মেঘনা তীরবর্তী কালীপুর এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

দিনের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে বেলা সাড়ে ১১টায় ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়। 

উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল ও সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়াসামগ্রী শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।

এ সময় ভৈরব উপজেলা নির্বাহী অফিসার কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজী মো: শাহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো: মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক ও সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান। 

এছাড়াও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা এবং উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দিনব্যাপী সফর শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় প্রতিমন্ত্রী কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা গ্রামে গিয়ে সম্প্রতি বিদ্যুৎ দুর্ঘটনায় প্রাণ হারানো ছাত্রদল কর্মী শাহীদ সরকারের শোকাহত পরিবারের খোঁজখবর নিয়ে গভীর সমবেদনা জ্ঞাপন করার কথা রয়েছে।

কুলিয়ারচর সফরকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইয়াসিন খন্দকার, উপজেলা বিএনপির সভাপতি মো: কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: শাহাদাৎ হোসেন শাহ্ আলম, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: সালাহউদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম ও সাংগঠনিক সম্পাদক মো: ফারুকুল ইসলাম ফারুক ও সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম আলী, সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মো: আরশ মিয়া, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: মোসলেহ উদ্দিন রতনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

উল্লেখ্য, দিনব্যাপী এ সফরকালে ভৈরব ও কুলিয়ারচর উপজেলার বিভিন্ন স্থানে প্রবেশের পর প্রতিমন্ত্রী মো: শরীফুল আলমকে স্থানীয় সাধারণ জনগণ ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।