চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা 
দেশে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়তেই প্রভাব পড়েছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাট–মৈনট ঘাট নৌরুটে। এ রুটে লঞ্চ, স্পিডবোট ও মোটরসাইকেল পারাপারের ভাড়া বাড়ানোর অভিযোগ উঠেছে।
গতকাল সোমবার থেকে লঞ্চে যাত্রীপ্রতি ভাড়া ৮০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা এবং স্পিডবোটে ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা নেয়া হচ্ছে। একই সাথে মোটরসাইকেল পারাপারের ভাড়া ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। তবে সংশ্লিষ্ট ইজারাদার ও লঞ্চচালকরা জানান, তারা নিজেরা ভাড়া বাড়ানোর পক্ষে নন। প্রশাসনের সাথে আলোচনা ও সিদ্ধান্তের ভিত্তিতে ভাড়া নির্ধারণ করা হলে তারা তা মেনে নেবেন।
লঞ্চযাত্রী রুবেল বলেন, মৈনট থেকে গোপালপুর যাওয়ার ক্ষেত্রে লঞ্চের ভাড়া বাড়েনি বলে জানতে পেরেছি। কিন্তু গোপালপুর ঘাটে মোটরসাইকেলে ১০০ টাকা এবং যাত্রীপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে। ঘাট সরকারি হওয়ায় ভাড়া বাড়ানোর আগে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা হওয়া উচিত। স্পিডবোটযাত্রী পারভেজ বলেন, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বেড়েছে। কিন্তু সে কারণে যাত্রীপ্রতি ২৫ টাকা ভাড়া বাড়ানোর বিষয়টি যাত্রীদের জন্য বাড়তি চাপ তৈরি করবে। এ বিষয়ে চরভদ্রাসন ইউএনও মো: জুলহাস হোসেন সৌরভ বলেন, সরকারি নির্দেশনা ছাড়া ভাড়া বাড়ানোর সুযোগ নেই। যদি ভাড়া বাড়ানো হয়ে থাকে, তাহলে বিষয়টি দেখব। উল্লেখ্য, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।