কুমিল্লার সদরে বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি কমাতে শিক্ষার্থীদের নিয়ে এক লাখ তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মোহাম্মদ এনামুল হক খান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা সদরের কালির বাজার ইউনিয়নের ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়ে তালবীজ রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
সূত্রে জানা গেছে, কুমিল্লার সদরের কালীর বাজার ইউনিয়নের বল্লভপুর গ্রামের বাসিন্দা প্রফেসর এনামুল হক খান ১৯৬৯ সাল থেকে তালবীজ রোপণ করে আসছেন। ২০২২ সাল থেকে নিজের ইউনিয়নের ৩৪টি গ্রামের ৩২ কিলোমিটার সড়কের পাশে শিক্ষার্থীদের নিয়ে তালবীজ রোপণ করেছেন। গত চার বছরে ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীকে সাথে নিয়ে প্রায় ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন তিনি।
প্রফেসর এনামুল হক খান বলেন, ‘এ এলাকায় বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি কমাতে এক লাখ তালবীজ লাগানোর পরিকল্পনা নিয়েছি। শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করতে চাই।’
বন কর্মকর্তা নুরুন্নাহার বলেন, ‘তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এনামুল হক খানের এ উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়।’
অনুষ্ঠানে কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা নুরুন্নাহার, সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতারসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের নিয়ে সড়কের পাশে তালবীজ রোপণ করা হয়। এ কার্যক্রম মাসব্যাপী চলবে।





