চট্টগ্রাম ব্যুরো
পানিসম্পদমন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। মন্ত্রী বলেন, চট্টগ্রাম দেশের একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও অর্থনৈতিক কেন্দ্র। এ জেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন, নিরাপদ চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামকে আরো সুন্দরভাবে পরিচালনা করা হবে।
মন্ত্রী গতকাল বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলনকক্ষে চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদক নিয়ন্ত্রণ ও নির্মূল, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে সমন্বিতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ ও নির্মূলের বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে। মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।
মন্ত্রী আরো বলেন, ১৭ বছরের একটা ট্রেন্ড থেকে মুক্ত হয়ে আসার জন্য নির্বাচিত সরকারের এই মুহূর্তে কিছু কঠিন কঠিন পদক্ষেপ নিতে হচ্ছে।
চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির বিশেষ সভায় জেলার নির্বাচিত সংসদ সদস্য, সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা এবং মাঠ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





