লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ছয়টি পাড়ার মানুষের চলাচলের সুবিধার্থে বাঁশের সাঁকো নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের দুল্যাতলী আর্মি ক্যাম্প। এতে প্রায় ৩০০ মানুষের চলাচলে দুর্ভোগ কমেছে।
স্থানীয় সূত্র জানায়, দুর্গম পাহাড়ি এলাকার বাসিন্দাদের এত দিন পানির ছড়া পার হয়ে যাতায়াত করতে হতো। বর্ষায় পানির প্রবাহ বেড়ে গেলে ঝুঁকি ও দুর্ভোগ আরো বাড়ত। বিশেষ করে দুল্যাতলী হাইস্কুলের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো। সাঁকো নির্মাণের পর শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ হয়েছে।
দুল্যাতলী ক্যাম্প কমান্ডার মেজর নাহিয়ান ইমতিয়াজ বলেন, জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সাঁকোটি নির্মাণ করা হয়েছে। এতে শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে বাজার বা অফিসে যাতায়াতকারীদের আর পানি পার হয়ে চলাচল করতে হচ্ছে না।
দুল্যাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ত্রিলন চাকমা বলেন, পাহাড়ের মানুষ দীর্ঘদিন ধরে যাতায়াতে কষ্ট করে আসছেন। সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত সাঁকোটি স্থানীয় মানুষের অনেক উপকারে এসেছে।





