আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)
ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়ন কার্যালয় থেকে পাঁচগাঁও বাজার পর্যন্ত ৩ দশমিক ৮৭৫ কিলোমিটার সড়কের উন্নয়নকাজ সাড়ে তিন বছরেও শেষ হয়নি। প্রায় তিন কোটি ৯ লাখ টাকা ব্যয়ে নেওয়া প্রকল্পটির কাজ হয়েছে প্রায় ৪০ শতাংশ। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে পানি ও কাদা জমে দুর্ভোগ বাড়ছে।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, ‘মো. লাল মাহমুদ’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে সড়কটির উন্নয়নকাজের চুক্তি হয়। কার্যাদেশ অনুযায়ী ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি কাজ শুরু হয়ে ১৯ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। এ পর্যন্ত ঠিকাদারকে একাধিকবার চিঠি দেয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন এ সড়ক দিয়ে দুই থেকে আড়াইশ যানবাহন চলাচল করে। সড়কের বেহাল অবস্থায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। কাজের মান নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন তারা।
ভালুকা উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব বলেন, কাজ হয়েছে প্রায় ৪০ শতাংশ এবং ঠিকাদার দীর্ঘদিন ধরে কাজ ফেলে রেখেছেন। তাকে কাজ শেষ করার জন্য একাধিকবার চিঠি দেওয়া হলেও সাড়া মেলেনি। এ কারণে চুক্তি বাতিলের সুপারিশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। তিনি জানান, চুক্তি বাতিল হলে পুনরায় দরপত্র আহ্বান করে কাজ শেষ করার উদ্যোগ নেয়া হবে।
অভিযোগ ও কাজের অগ্রগতি নিয়ে বক্তব্য জানতে ঠিকাদার আবদুর রাজ্জাকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।





