রাশিদুল ইসলাম বোরহান     গাংনী (মেহেরপুর) 

ব্যাংকের পেশাগত দায়িত্বের পাশাপাশি কৃষিতে উদ্যোক্তা হিসেবে সাফল্য পেয়েছেন মেহেরপুরের গাংনীর ব্যাংক কর্মকর্তা ইসতিয়াক হাসান। ২০২৫ সালে মাত্র ২৪ কাঠা জমিতে একানি চাষ করে প্রথমবারেই সাফল্য পান তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চলতি মৌসুমে চার বিঘা জমিতে একানি আবাদ করেছেন। রোগবালাইয়ের কারণে অনেক কৃষকের ক্ষেত ক্ষতিগ্রস্ত হলেও নিয়মিত পরিচর্যা ও ব্যবস্থাপনায় তার ক্ষেত এখনো ভালো রয়েছে। 
গাংনীর চৌগাছা মাঠে ইসতিয়াক হাসানের একানি ক্ষেত ঘুরে দেখা যায়, গাছগুলো বেশ সতেজ ও স্বাস্থ্যবান। কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মৌসুমে উপজেলার ভালো থাকা একানি ক্ষেতগুলোর মধ্যে এটি অন্যতম। 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গাংনীতে প্রায় ১০০ বিঘা জমিতে একানি চাষ হয়েছে। তবে ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত রোগের পাশাপাশি রাইজম ফ্লাইয়ের আক্রমণে অনেক ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো কোনো এলাকায় রোগবালাইয়ের প্রকোপ বেড়ে যাওয়ায় কৃষকদের ক্ষেত ছেড়ে দিতে হয়েছে। 
অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত মিয়া বলেন, একানি উচ্চমূল্যের অর্থকরী ফসল। দেশে ও বিদেশে এর চাহিদা রয়েছে। ইসতিয়াক হাসানের ক্ষেত ভালো রয়েছে। তার উদ্যোগ অন্য কৃষকদেরও এ ফসল চাষে উৎসাহিত করতে পারে। 
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, একানি সম্ভাবনাময় ও লাভজনক ফসল। প্রচলিত অনেক ফসলের তুলনায় এতে পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম। সঠিক পরিচর্যা, রোগবালাই শনাক্তকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ভালো ফলন ও আয় সম্ভব। কৃষকদের এ বিষয়ে কারিগরি সহযোগিতা দেয়া হবে। 
ইসতিয়াক হাসান জানান, ২০২৫ সালে গাংনীর দেবীপুর মাঠে ২৪ কাঠা জমিতে প্রথম একানি চাষ করেন। এতে তার প্রায় দুই লাখ টাকা খরচ হয়। পরে উৎপাদিত একানি বিক্রি করে প্রায় ছয় লাখ টাকা পান। প্রথমবারের সাফল্যে উৎসাহিত হয়ে এবার চার বিঘা জমিতে আবাদ করেছেন। 
তিনি বলেন, প্রথমবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার বড় পরিসরে চাষ করেছি। নানা ধরনের সমস্যা থাকলেও নিয়মিত পরিচর্যা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ায় ক্ষেত ভালো রয়েছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে একানি আবাদ করার পরিকল্পনা রয়েছে। 
গাংনীর ঝোড়পাড়া মাঠে চলতি মৌসুমে মনিরুল ইসলাম নামে এক ইলেকট্রনিকস ব্যবসায়ীও ১৩ বিঘা জমিতে একানি চাষ করেছেন। ধানখালা গ্রামের কৃষক বদরুদ্দোজা গত বছর ১০ কাঠা জমিতে একানি চাষ করে প্রায় দুই লাখ টাকা লাভ করেছেন বলে জানা গেছে।