মাদারীপুরের শিবচরে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করার অভিযোগে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুতুরপুর বাজারে অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল।

অভিযান সূত্রে জানা গেছে, সরকার নির্ধারিত ৫০ কেজির এক বস্তা ডিএপি সারের দাম এক হাজার ৫০ টাকা হলেও কুতুরপুর বাজারে সেই সার এক হাজার ৩৫০ টাকা বিক্রি হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে ওই বাজারের মেসার্স মোল্লা ট্রেডার্স অ্যান্ড এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পায় ভোক্তা সংরক্ষণ অধিদফতর। পরে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল বলেন, ‘প্রতি বস্তা ডিএপি সার ৩০০ টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছিল। তা ছাড়া কুতুরপুর ইউনিয়নের সার অন্য ইউনিয়নের ওই ব্যবসায়ী অধিক মুনাফার আশায় বিক্রি করেছে। যা রীতিমত অপরাধ। তাই মোল্লা ট্রেডার্স অ্যান্ড এন্টারপ্রাইজে এক লাখ টাকা জরিমানা করে তাকে সর্তক করা হয়েছে। কৃষক ও ভোক্তাদের স্বার্থে আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে।’