সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৫ জনে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, নতুন শনাক্ত ১৭ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে দু’জন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে দু’জন, হবিগঞ্জ সদর হাসপাতালে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রয়েছেন।  এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিলেন আটজন।

বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩০ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে চারজন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে দু’জন, হবিগঞ্জ সদর হাসপাতালে আটজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনজন ও মৌলভীবাজারে একজন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আক্রান্তদের মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ১৬৩ জন, সিলেটে ৮০, সুনামগঞ্জে ৮০ এবং মৌলভীবাজারে ৩৯ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে চিকিৎসা নেয়া ১৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে সিলেট বিভাগে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে।  সর্বশেষ ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬০ বছর বয়সী ছালমা বেগমের মৃত্যু হয়।  এর আগে ৮ সেপ্টেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃষ্ণ দাস (৪৫) ও ২ আগস্ট আফিয়া খানমের (৫৪) মৃত্যু হয়।