কুড়িগ্রামের রৌমারীতে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পাঁচ দিনব্যাপী উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে এ কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়। এতে উপজেলার ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটরা অংশ নেয়।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাহাবুবুল হাসান আনুষ্ঠানিকভাবে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে কাব স্কাউটদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
পাঁচ দিনব্যাপী এ কাব ক্যাম্পুরীতে কোমলমতি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন, শৃঙ্খলাবোধ, আত্মনির্ভরশীলতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। ক্যাম্পে কাব স্কাউটদের জন্য তাঁবু স্থাপন, দলীয় কার্যক্রম, শারীরিক কসরত, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন রয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শৈশব থেকেই শিশুদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহযোগিতার মনোভাব ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাব স্কাউট আন্দোলনের মাধ্যমে শিশুরা আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল হয়ে ওঠার পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা পায়।
উপজেলা কাব ক্যাম্পুরীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুবুল হাসান বলেন, ‘পড়াশোনার পাশাপাশি এ ধরনের সহশিক্ষামূলক কার্যক্রম শিশুদের শারীরিক সক্ষমতা, সৃজনশীলতা, নেতৃত্বের দক্ষতা ও চরিত্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখে।’
ক্যাম্পে অংশ নেয়া কাব স্কাউটরা বিভিন্ন কর্মসূচীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। এতে তাদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
শিক্ষক ও সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ তৈরিতে সহায়ক হবে।
আয়োজকরা জানায়, কাব স্কাউটদের সুপ্ত প্রতিভার বিকাশ, নেতৃত্বের গুণাবলি তৈরি এবং ভবিষ্যতে সৎ, দায়িত্বশীল, আত্মনির্ভরশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই উপজেলা পর্যায়ে পাঁচ দিনব্যাপী এ কাব ক্যাম্পুরীর আয়োজন করা হয়েছে।
বিভিন্ন কর্মসূচী ও প্রতিযোগিতার মধ্য দিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর এ কাব ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হাই চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মো: হায়দার আলী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) নাজমুল করিমসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।





