গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ আটজন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।

তিনি বলেন, শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সুন্দরবনের কোকিলমনি থেকে ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ আহরণকালে ফিশিং বোটের ইঞ্জিন বিকল হওয়ায় আটজন জেলেসহ বোটটি ভাসতে থাকে। পরে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের মধ্যে এলে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ওই ফিশিং বোটের একজন জেলে বোট মালিককে কল দিয়ে বিষয়টি অবহিত করেন। এরপর বোট মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।

তিনি আরো বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি কর্তৃক একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গভীর সমুদ্র থেকে বিকল হওয়া বোটসহ আটজন জেলেকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড।

ওই মিডিয়া কর্মকর্তা বলেন, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়। এছাড়া বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।