চট্টগ্রাম ব্যুরো

রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্যতা, পেশাগত উৎকর্ষতা ও অভিজ্ঞ জনবলের সমন্বয় অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনা শুধু রাজনৈতিক বিষয় নয়; অভিজ্ঞতা, দক্ষতা এবং আমানতদারিতা ছাড়া রাষ্ট্র অকার্যকর হয়ে পড়ে। গতকাল দেওয়ানবাজারের বিআইএ মিলনায়তনে চট্টগ্রাম নগর জামায়াত আয়োজিত শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, জামায়াতে ইসলামীর প্রতি জনগণের আস্থা ও আকাক্সক্ষা দিন দিন বাড়ছে। সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় আমলাদের পাশাপাশি বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের যুক্ত করে যোগ্য জনবল তৈরি করতে হবে। সততা, স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিত করাই রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান এবং নগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল  ইসলাম রুকনদের আদর্শিক মান, সাংগঠনিক দক্ষতা ও আমল-আখলাক বৃদ্ধির তাগিদ দেন।
সভাপতির বক্তব্যে নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বৃদ্ধি ও প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। পাঁচলাইশ, ব্যাংকার্স ও চিকিৎসক থানাসহ বিভিন্ন থানার রুকনদের অংশগ্রহণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।