নরসিংদীর শিবপুরে পতিত জমি থেকে সুমন মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের পূর্ব সৈয়দনগর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুমন মিয়া পুটিয়া ইউনিয়নের তেলিয়া গ্রামের ওবায়দুল হকের ছেলে।
জানা গেছে, তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন এবং আগে থেকেই খিঁচুনি রোগ ছিল তার।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, পূর্ব সৈয়দনগর গ্রামে শমসের ডাক্তারের বাড়ির পাশে খোকা মিয়ার বাড়ির মালামাল টানত রিকশাচালক সুমন। শুক্রবার দুপুরে তিনি রিকশা নিয়ে খোকা মিয়ার বাড়িতে আসলে তাদের গবাদি পশুর জন্য পাশের জমি থেকে ঘাস কাটতে অনুরোধ করা হয়। পরে প্লাস্টিকের বস্তা ও কাচি নিয়ে ঘাস কাটতে যান সুমন। ঘাস কেটে বাড়িতে না ফেরায় খোকা মিয়ার বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে রাতে শমসের ডাক্তারের বাড়ির পাশে বৃষ্টির পানিতে ডোবা এক জমিতে সুমনকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল-মামুন লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
ধারণা করা হচ্ছে, কোনো একসময় খিঁচুনি রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে সুমনের মৃত্যু হয়।
উপপরিদর্শক (এসআই) আল-মামুন বলেন, ‘পূর্ব সৈয়দনগর গ্রামের বৃষ্টির পানিতে ডোবা এক পতিত জমি থেকে সুমন মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তরে প্রক্রিয়া চলছে।’





