রোটারি ক্লাব অব জালালাবাদ সিলেটের উদ্যোগে মেধাবী ও অসচ্ছ্বল শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক রোটারি আন্দোলনের ‘মৌলিক শিক্ষা ও সাক্ষরতা’ কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছরের ন্যায় এবারো এ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে সিলেটের রোটারি ক্লাব অব জালালাবাদের নিজস্ব হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেডিক্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. জিয়াউর রহমান চৌধুরী।
শিক্ষাবৃত্তি কমিটির চেয়ারম্যান রোটারিয়ান পিপি হাবিব আল নূর (প্রেসিডেন্ট ইলেক্ট)-এর পরিচালনায় এবং ক্লাব প্রেসিডেন্ট অধ্যক্ষ লতিফা জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. জিয়াউর রহমান চৌধুরী বাংলাদেশের শিক্ষার বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, এ অঞ্চলে শিক্ষার হার তুলনামূলকভাবে কম, যা সিলেটবাসীর জন্য উদ্বেগের বিষয়। রোটারি ক্লাবের মতো সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো আরও কার্যকরভাবে এগিয়ে এলে মেধাবী ও পিছিয়ে পড়া শিক্ষার্থীরা মানসম্মত মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত হবে না।
অনুষ্ঠানে কান্ট্রি ডেপুটি কো-অর্ডিনেটর (রিফশা) পিডিজি লে. কর্নেল (অব.) আতাউর রহমান পীর বলেন, বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা এইচএসসি পাস করার পর উচ্চশিক্ষার জন্য মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং কোচিংসহ প্রয়োজনীয় শিক্ষা ব্যয়ের দায়িত্ব ক্লাবের পক্ষ থেকে নেয়ার বিষয়ে গুরুত্ব দেয়া প্রয়োজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের শিক্ষা সঞ্চালক (লার্নিং ফেসিলিটেটর) রোটারিয়ান পিপি হানিফ মোহাম্মদ। তিনি এ বছরের শিক্ষাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী হিসেবে নাহিদ আহমেদ, রাহেল উদ্দিন মারুফ, হালিমা আহমেদ আনিশা ও তাকিয়া জান্নাত বুশরার নাম ঘোষণা করেন।
বৃত্তি প্রদান কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার ‘মৌলিক শিক্ষা ও সাক্ষরতা’ দিবস পালনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান জাকির আহমেদ চৌধুরী।
এছাড়া ধন্যবাদ জ্ঞাপন করেন সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ ও রোটারিয়ান পিপি সুব্রত চক্রবর্তী।





