বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘জুলাই বিপ্লবের দুই বছর পরও গণহত্যার বিচার সম্পন্ন হয়নি। বর্তমান সরকার বিষয়টিকে দীর্ঘসূত্রতায় ফেলেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে জনগণের দৃষ্টি সরাতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা ছাত্রশিবির আয়োজিত ছাত্র-গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পৌরশহরের দক্ষিণ বাজারের নুরজাহান শপিং সেন্টারের সামনে এ গণজমায়েত অনুষ্ঠিত হয়।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘ছাত্রদল ক্যাম্পাসে সহিংসতা ও সন্ত্রাস অব্যাহত রাখলে তাদেরকেও ছাত্রলীগের মতো পরিণতির মুখোমুখি হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না।’ 

শিবির সভাপতি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি, গ্যাস সঙ্কট ও অব্যবস্থাপনার দিকে সরকারের দৃষ্টি দেয়া প্রয়োজন। শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ ও গণতান্ত্রিক চর্চা রক্ষায় সজাগ থাকতে হবে। শিক্ষার্থীদের অধিকার ও ছাত্র সংসদকে নিরাপত্তা ও কল্যাণের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে ছাত্রশিবির শিক্ষার্থীদের পাশে থাকবে।’

উপজেলা শিবিরের সভাপতি নোমান আহমদের সভাপতিত্বে ও বড়লেখা উত্তর শাখা সভাপতি হানজালা আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। 

ডাকসু ভিপি আবু সাদিক কায়েম, বলেন, ‘জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে বর্তমান বিএনপি সরকার প্রতারণা করছে। রাষ্ট্র সংস্কার ও জনস্বার্থের প্রতিশ্রুতি দিলেও গত সাত মাসে সরকার কার্যত ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

ডাকসু ভিপি বলেন, ‘নির্বাচনে দেশের ৭০ শতাংশ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছিল। আমরা আশা করেছিলাম, বিএনপি সরকার রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু তার পরিবর্তে আমরা লক্ষ্য করছি সারাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অরাজকতা।’

সাদিক কায়েম বলেন, ‘শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে সরকারের দীর্ঘসূত্রতা জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতার শামিল।’

সমাবেশে জামায়াতের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, সাবেক উপজেলা আমির এমাদুল ইসলাম, উপজেলা নায়েবে আমির ফয়সল আহমদ, আব্দুল মোহাইমিন, মাওলানা আব্দুল বাসিত, আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, আব্দুস সামাদ, তফাজ্জল হোসাইন, ডা: কামাল আহমেদ, আব্দুস সালাম, রবিউল ইসলাম সোহেল, জেবুল আহমদ, এবাদুল ইসলাম, মনজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।