নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, ‘জনগণের জানমাল ও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যেকোনো ধরনের পরিকল্পিত সন্ত্রাস ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। এ জন্য বিএনপির নেতা-কর্মীসহ সবাইকে সজাগ থাকতে হবে।’

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বিএনপির নেতা-কর্মীরা তাদের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে প্রস্তুত।’ 

জনগণের জানমাল ও দেশের শান্তি-শৃঙ্খলা যাতে নষ্ট করতে না পারে, সে জন্য বিএনপির নেতা-কর্মীসহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দুই-তৃতীয়াংশ ভোট দিয়ে জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা আওয়ামী লীগের মতো দিনের ভোট রাতে, ডামি নির্বাচন করে আসিনি। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা পাঁচ বছরের জন্য জনগণের ভোটে ক্ষমতায় এসেছি। আমরা তাদের মতো ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকব—এমন কথা বলি না। বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে।’

জ্বালানি সঙ্কট প্রসঙ্গে শ্যামল বলেন, ‘আমরা ক্ষমতা নেয়ার পর দুর্ভাগ্য যে তেল উৎপাদনকারী দেশগুলো, বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে।’ তিনি এটিকে বৈশ্বিক সঙ্কট হিসেবে উল্লেখ করেন।

সমাবেশে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো: সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

বিকেলে জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।