কুষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় ঘটনাস্থল থেকে দু’টি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভারও উদ্ধার করা হয়। 

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদি গ্রামে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে এসআরবি-১২-এর কুষ্টিয়া ক্যাম্পের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজাউল হক। 

এসআরবি সূত্র জানায়, বাড়াদি গ্রামের বাসিন্দা মো: মোবারক আলীর বাড়ির দক্ষিণ ভিটার একটি টিনের ঘরের মাটির গর্তে অস্ত্র ও গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, দু’টি ম্যাগাজিন ও একটি পিস্তলের কভার উদ্ধার করা হয়। 

কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজাউল হক নয়া দিগন্তকে জানান, ২০২৪ সালের ৫ আগস্টে কুষ্টিয়া মডেল থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি উদ্ধার হলো। 

তিনি আরো জানান, ১৭টি অস্ত্রের মধ্যে একটি উদ্ধার হলো আরো ১৬টি অস্ত্র গুলাবারুদ উদ্ধারে এসআরবি কুষ্টিয়া ইউনিট কাজ করে যাচ্ছে। 

উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।