সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৬ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ১২ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচজন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে একজন, সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে দু’জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন জন রয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত শনাক্ত ৩৮৬ জনের মধ্যে হবিগঞ্জে ১৬৫ জন, সুনামগঞ্জে ৮৫ জন, সিলেটে ৮০ জন এবং মৌলভীবাজারে ৪০ জন রয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে এসে সিলেট বিভাগে চিকিৎসা নেয়া ১৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৩৪ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১১, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে পাঁচজন, হবিগঞ্জ সদর হাসপাতালে আটজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে একজন রয়েছেন।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে সিলেট বিভাগে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৬০ বছর বয়সী ছলিমা বেগমের মৃত্যু হয়। এর আগে ৮ সেপ্টেম্বর হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃষ্ণ দাস (৪৫) এবং ২ আগস্ট আফিয়া খানমের (৫৪) মৃত্যু হয়।