কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার নামে দুই কিশোরী। গত চার দিনেও তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় কাশিনগর আল-আমিন মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয় জুগিরকান্দি গ্রামের মাহিমা আক্তার মাহি ও তানিশা আক্তার। এরপর রাত পর্যন্ত তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

কিন্তু দীর্ঘ চার দিন অতিবাহিত হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। মাহিমা আক্তার মাহির নিখোঁজের বিষয়ে তার মা তাছলিমা আক্তার থানায় জিডি করেছেন।
 
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করতে তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।